রাজধনেশ, চশমাপরা হনুমানসহ ৪২টি বন্য প্রাণী উদ্ধার, আটক ১

· Prothom Alo

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ইস্টার্ন হাউজিংয়ের সোনালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার আট প্রজাতির ৪২টি দেশীয় বন্য প্রাণী উদ্ধার করা করেছে। এ সময় অবৈধভাবে বন্য প্রাণী সংরক্ষণ ও বেচাকেনার অভিযোগে একজনকে আটক করা হয়। বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট এই অভিযান চালায়।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব প্রাণী জব্দ করা হয়। উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে রাজধনেশ একটি, চশমাপরা হনুমান তিনটি, লজ্জাবতী বানর তিনটি, পাহাড়ি কচ্ছপ ১৩টি, টিয়া ১২টি, ময়না একটি, সাদা প্যাঁচা একটি ও গন্ধগোকুল তিনটি।

Visit esporist.org for more information.

অসীম মল্লিক জানান, প্রাণীগুলো অবৈধভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাণীগুলো উপযুক্ত পরিবেশে অবমুক্ত বা পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা বলেন, বন্য প্রাণী পাচার ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে এ ধরনের অপরাধের তথ্য বন বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

Read full story at source