আইফোন ১৭ই ও এম৪ চিপের নতুন আইপ্যাড এয়ার আনল অ্যাপল, দাম কত

· Prothom Alo

মধ্যম স্তরের স্মার্টফোন বাজারে অবস্থান শক্ত করতে আইফোন ১৭ সিরিজের নতুন সংস্করণ ‘আইফোন ১৭ই’ উন্মোচন করেছে অ্যাপল। একই সঙ্গে এম৪ চিপসহ হালনাগাদ আইপ্যাড এয়ারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সপ্তাহজুড়ে পরিকল্পিত পণ্য উন্মোচনের অংশ হিসেবেই এ ঘোষণা এসেছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।

Visit asg-reflektory.pl for more information.

আইফোন ১৭ইর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। একই সিরিজের আইফোন ১৭–এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে। ফলে তুলনামূলক কম দামের এই সংস্করণ দিয়ে মধ্যম স্তরের (মিড রেঞ্জ) বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান নিতে চাইছে অ্যাপল। এ দামের পরিসরে মূল্যসংবেদনশীল বাজারগুলোতে স্যামসাং, গুগলসহ বিভিন্ন চীনা নির্মাতার স্মার্টফোনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রতিষ্ঠানটিকে।

নকশার দিক থেকে বড় পরিবর্তন না আনলেও আইফোন ১৭ইর ভেতরের যন্ত্রাংশে উল্লেখযোগ্য হালনাগাদ করা হয়েছে। এতে আগের মতোই ৬ দশমিক ১ ইঞ্চির পর্দা রাখা হয়েছে। তবে যুক্ত হয়েছে আরও টেকসই কাচ, নতুন এ১৯ চিপ, সি১এক্স মডেম এবং ম্যাগসেফ চার্জিং সুবিধা। প্রারম্ভিক সংস্করণেই ২৫৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতা দেওয়া হয়েছে, যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সমর্থন। ফলে সুবিধার দিক থেকে এই সংস্করণটি সিরিজের অন্যান্য মডেলের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

অতিরিক্ত ধারণক্ষমতা ও নতুন সুবিধা যুক্ত হলেও প্রারম্ভিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে মেমোরির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, ফ্ল্যাগশিপ মডেলের মূল্যকাঠামো অক্ষুণ্ণ রেখে প্রারম্ভিক পর্যায়ের আইফোনকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।

আইপ্যাড এয়ার

আইফোন ১৭ই গোলাপি, কালো ও সাদা—এই তিন রঙে বাজারে আসবে। ৪ মার্চ থেকে অগ্রিম ফরমাশ গ্রহণ শুরু হয়েছে এবং ১১ মার্চ থেকে খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

একই সঙ্গে আইপ্যাড এয়ারেও হালনাগাদ এনেছে অ্যাপল। নকশা ও মূল্য অপরিবর্তিত রেখে এতে এম৩ চিপের পরিবর্তে নতুন এম৪ চিপ সংযোজন করা হয়েছে। ১১ ইঞ্চি সংস্করণের প্রারম্ভিক মূল্য ৫৯৯ ডলার এবং ১৩ ইঞ্চি সংস্করণের দাম ৭৯৯ ডলারই রাখা হয়েছে। কোম্পানির দাবি, নতুন প্রসেসর আগের প্রজন্মের তুলনায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত দ্রুততর সার্ভিস দেবে।

অ্যাপল জানিয়েছে, নতুন আইপ্যাড এয়ারে তারহীন কাজের গতি বাড়ানো হয়েছে এবং মোবাইল ডেটাসমর্থিত সংস্করণে সেলুলার সংযোগ আরও উন্নত করা হয়েছে। সাম্প্রতিক প্রান্তিকে আইপ্যাড বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ট্যাবলেট বাজারে গতি ধরে রাখতে বড় নকশা পরিবর্তনের বদলে কর্মক্ষমতা বৃদ্ধিকেই অগ্রাধিকার দিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির সর্বশেষ আর্থিক প্রান্তিকের তথ্য অনুযায়ী, আইপ্যাড ক্রেতাদের প্রায় অর্ধেকই প্রথমবারের ব্যবহারকারী। নতুন ক্রেতাদের এ আগ্রহ ধরে রাখতে এবং বাজার সম্প্রসারণে হালনাগাদ চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিনেও আরও পণ্য ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে অ্যাপল। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ক্রেতা চাপ সামাল দিতে খুচরা বিক্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের অন্তত একটি পণ্য সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারে।

সূত্র: সিএনবিসি

Read full story at source