অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ
· Prothom Alo

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ রোববার (১৫ মার্চ)। মেলা শুরু হবে বেলা ২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।
বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
Visit asg-reflektory.pl for more information.
মেলার সমাপনী দিনে প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’–এর সদস্যসচিব মো. সেলিম রেজা।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান।
প্রতিবারের মতো এবারও অমর একুশে বইমেলায় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা হলো–
চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার: ২০২৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০২৬ দেওয়া হবে।
মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার: ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য (প্রকাশিত: কালি-কলম আর কাগজের অড রিসার্চ, ফাউন্টেন পেন, আমিন বাবু); প্রথমা প্রকাশন (শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা, মুহম্মদ ইউসুফ সিদ্দিক) ও দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (বরিশাল অ্যান্ড বেয়ন্ড: এসেজ অন বাঙলা লিটারেচার, ক্লিনটন বি সেলি)।
রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার: পুরস্কারটি পাচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। ২০২৫ সালে গুণমান বিচারে সর্বাধিকসংখ্যক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার: পুরস্কারটি পাচ্ছে সহজ প্রকাশ। ২০২৪ বা ২০২৫ সালের মেলায় যেসব প্রতিষ্ঠান প্রথম অংশগ্রহণ করে, তাদের মধ্য থেকে গুণগতমান বিচারে সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানটি এই পুরস্কারটি পাচ্ছে।
শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার: অমর একুশে বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস, মাত্রা প্রকাশ ও বেঙ্গল বুকস।