শহীদ ওসমান হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার ব্যক্তিদের ‘কনসুল্যার অ্যাকসেস’ প্রক্রিয়াধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
· Prothom Alo

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে দিল্লির কাছে কনসুল্যার অ্যাকসেস চেয়েছে ঢাকা, যা এখনো প্রক্রিয়াধীন।
Visit livefromquarantine.club for more information.
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।
ভারতে গ্রেপ্তার ব্যক্তিদের কনসুল্যার অ্যাকসেস চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। যাঁদের ধরা হয়েছে, তাঁদের কনসুল্যার অ্যাকসেস পেতে সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। প্রথমে দুজন গ্রেপ্তারের পর কনসুল্যার অ্যাকসেস চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকজনকে (প্রধান আসামি ও তাঁর সহযোগীকে পালাতে সহায়তাকারী) গ্রেপ্তারের পরও কনসুল্যার অ্যাকসেস চাওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। আশা করি, ভারত সহযোগিতা করবে। কনসুল্যার অ্যাকসেস পাওয়া বর্তমানে প্রক্রিয়াধীন।’
আন্তর্জাতিক বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির অংশ হিসেবে গত ১৭ বছরে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের জায়গা আমরা দেখে এসেছি। যে র্যাবকে মানুষের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার তাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে। বিএনপি একটি মানবিক দল ও মানবিক সরকার গঠন করেছে। মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শক্তিশালী হয়, সে লক্ষ্যে সকল কাজ বিএনপি বিগত দিনেও করেছে, ভবিষ্যতেও করবে।’
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে জানতে পেরেছেন, কোনো জ্বালানির সংকট এ মুহূর্তে নেই। ভবিষ্যতের পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, যেসব বাংলাদেশি আসতে চাচ্ছেন বা পারছেন, দূতাবাস তাঁদের সহযোগিতা করছে। আর যাঁরা আসতে পারছেন না, তাঁদের নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে।