ফরিদপুরের ভাঙ্গায় মাঝরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

· Prothom Alo

ফরিদপুরে মাঝরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্ব দেন গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সী এবং অপর পক্ষে আছেন একই গ্রামের কামরুল মিয়া। গতকাল রাত ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর জেরে মাঝরাতে দুই পক্ষের লোকজন ঢাল, রামদা নিয়ে সংঘর্ষে জড়ান। পরে ভাঙ্গা থানার পুলিশ ও এলাকার মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Visit extract-html.com for more information.

হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসাদুজ্জামান বলেন, ইসমাইল মুন্সী ও কামরুল মিয়া আত্মীয়। তাঁদের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ চলছিল।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতার হোসেন বলেন, গোপীনাথপুর গ্রামে সংঘর্ষে আহত দুজন রুমা বেগম (৪০) ও মাসুদ হোসেনকে (৩৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source