ফুটপাত দখল বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি, ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত
· Prothom Alo

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) । ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত দোকান, রেস্তোরাঁ, ওয়ার্কশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ধিতাংশ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Visit zeppelin.cool for more information.
আজ সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। রেস্তোরাঁর রান্নার সরঞ্জাম, গ্রিল, কাবাব মেশিন, মোটর ওয়ার্কশপের টায়ার, যন্ত্রপাতি, ওয়েল্ডিং–সামগ্রী, পোশাক ও আসবাবের দোকানের প্রদর্শনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল ফুটপাত ও রাস্তায় রাখা হচ্ছে। এমনকি অনেক মোটরগাড়ির ওয়ার্কশপ রাস্তার এক লেন দখল করে মেরামতের কাজ পরিচালনা করছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অবৈধ দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে, যা যানজট বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এসব পরিস্থিতিতে সব ব্যবসায়ীকে দ্রুত ফুটপাত ও রাস্তা থেকে তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্দেশনা অমান্য করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড, মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।