আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির
· Prothom Alo

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে পুলিশ সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী হোসেন ফকির এ আহ্বান জানান। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
অনুষ্ঠানে আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইজিপি পুলিশ সদর দপ্তরে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।