হামজা–যুগে বাংলাদেশের সবচেয়ে ‘কঠিন’ ম্যাচ আজ

· Prothom Alo

ধরা যাক আজ বাংলাদেশ ভিয়েতনামের কাছে হেরেই গেল। তাতেও কি খুব একটা হতাশ হওয়ার কারণ থাকবে? অবশ্যই না। কিন্তু আজ হ্যানয়ে এর উল্টো কিছু ঘটে গেলে বাংলাদেশের আত্মবিশ্বাস যে আকাশে চড়বে, তা নিয়ে সন্দেহ নেই।

Visit xsportfeed.quest for more information.

প্রীতি ম্যাচ মানেই যে র‍্যাঙ্কিংয়ে কাছাকাছি বা নিচে থাকা দলের সঙ্গে খেলা নয়, সেটা এখন বুঝতে শিখেছে বাংলাদেশ। একসময় ফিফার আন্তর্জাতিক বিরতিতে নেপাল, ভুটান, মালদ্বীপের মতো দলের বিপক্ষেই খেলতেন জামালরা। সেই বৃত্ত থেকে বাংলাদেশ এবার বেরিয়ে এসেছে।

র‍্যাঙ্কিংয়ে নিজেদের (১৮১) চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামকে (১০৩) বাফুফে বেছে নিয়েছে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য, যারা কিনা সিঙ্গাপুরের চেয়েও ৪৫ ধাপ এগিয়ে। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই প্রীতি ম্যাচ।

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য ‘প্রীতি’ শব্দটা বাদ দিয়েই চিন্তা করছেন। তাঁর কাছে ম্যাচটা শুধু ৯০ মিনিটের ফুটবল নয়; এই ম্যাচের হার–জিত দেখে তিনি বুঝতে চান বাংলাদেশ দলটা এখন কোথায় দাঁড়িয়ে। কাল হ্যানয়ে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘ভিয়েতনাম এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দল। আমরা অবশ্যই জয়ের জন্য নামব। সিঙ্গাপুর ম্যাচের আগে এমন দলের বিপক্ষে খেলাটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভিয়েতনাম কোচের করমর্দন, দুজনের পাশে দুই অধিনায়ক

ভিয়েতনামের সঙ্গে খুব একটা ম্যাচ খেলেনি বাংলাদেশ। দুই দলের তিন সাক্ষাতের দুটি হয়েছে ড্র, অন্যটিতে জয় ভিয়েতনামের। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে। প্রীতি ম্যাচে দেখা হবে এবারই প্রথম। প্রীতি ম্যাচে অবশ্য বাংলাদেশ বেশির ভাগ সময়ই প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে। গত দুই বছরে সাতটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ; সবগুলোই নেপাল, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে। সেদিক থেকে আজকের ম্যাচটা ব্যতিক্রম।

ভিয়েতনামের বিপক্ষে খেলাটা কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। তবে তিনি আশাবাদী, মাঠে সামর্থ্য অনুযায়ী লড়াই করতে পারবে তাঁর দল, ‘কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশও উন্নতি করছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’

ভারতকে তো হারানো গেল, কোন পথে হামজার বাংলাদেশ

ভিয়েতনামেরও জয়ই লক্ষ্য। তবে বাংলাদেশ দলের সামর্থ্যকেও সমীহ করছেন দলটির কোচ কিম সাং-সিক। পুরোনো রেকর্ড না ঘেঁটে বর্তমান বাংলাদেশকে নিয়েই সতর্ক তিনি, বাংলাদেশ দলে অনেক কিছুই আগের মতো নেই। কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড, বিশেষ করে দলটাতে বিদেশে খেলা কিছু খেলোয়াড় যুক্ত হয়েছে। দলটা আগের চেয়ে অনেক শক্তিশালী।

হামজা চৌধুরী–শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলাররা লাল–সবুজ জার্সি গায়ে চাপানোর পর বাংলাদেশ দলের লড়াই করার সক্ষমতা বেড়েছে। আবার এ–ও ঠিক, হামজা দলে আসার পর আজকের ম্যাচটিই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে ‘কঠিন’ ম্যাচ। র‍্যাঙ্কিংয়ের হিসাবও তাই বলে। ভারত, ভুটান, সিঙ্গাপুর, নেপাল এবং হংকং—জাতীয় দলে হামজার অভিষেকের পর এই পাঁচ দলের বিপক্ষেই ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে সিঙ্গাপুরের র‍্যাঙ্কিং ১৪৮, হংকংয়ের ১৫৩।

হংকংয়ের সঙ্গে এশিয়ান বাছাইয়ে এক ম্যাচ ড্র করে অন্যটিতে হেরেছে বাংলাদেশ, সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে ২–১ গোলে। কিন্তু ভিয়েতনাম র‍্যাঙ্কিংয়ে হংকং,সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে। ম্যাচটা তাই শুধু বাংলাদেশ দল নয়, হামজার জন্যও চ্যালেঞ্জিং। মাঠে গুণগত ফুটবলে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের পার্থক্য কমিয়ে আনার দায়িত্বটা বেশি নিতে হবে তাঁকেই।

হ্যানয়ে হামজার প্রস্তুতি

হামজা যে এখন বাংলাদেশ দলের মুখ হয়ে উঠেছেন, তা বোঝা যায় ভিয়েতনাম কোচের কথাতেও। লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারকে নিয়েই কিমের বাড়তি চিন্তা, ‘আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তাকে মোকাবিলা করার উপায় খুঁজে পাওয়া যায়।’

ভিয়েতমানের অধিনায়ক দো দুয় মানহক চিন্তা করছেন র‍্যাঙ্কিং নিয়েও এবং সেটা অমূলকও নয়। র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে হারলে ভিয়েতনামের অবনমন হওয়ার শঙ্কা আছে। সেটি মাথায় রেখে অধিনায়কের কথা, ‘এটি প্রীতি ম্যাচ হলেও আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামব, কারণ এর ফলাফল ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।’

প্রীতি ম্যাচ, তবু দুই দলের পরিকল্পনায় স্পষ্ট—ম্যাচটাকে কেউই হালকাভাবে নিচ্ছে না। বাংলাদেশের কাছে এটি যেমন নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের মঞ্চ, ভিয়েতনামও চাইবে না বদলে যাওয়া বাংলাদেশের সামনে হোঁচট খেয়ে র‍্যাঙ্কিংয়ে ধস নামাতে।

‎সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দলে হামজা–শমিত, ফিরলেন বিশ্বনাথ

Read full story at source