১৮ বছর পর নতুন রূপে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

· Prothom Alo

দেড় যুগ পেরিয়েও যে গানের আবেদন একটুও কমেনি, সেই জনপ্রিয় গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ আবার ফিরছে নতুন রূপে। ১৮ বছর আগে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গানটি পেয়েছিল ব্যাপক শ্রোতাপ্রিয়তা। সময়ের সঙ্গে সঙ্গে দেশ–বিদেশের বিভিন্ন মঞ্চে এখনো সমানভাবে বাজে এই গান, নৃত্যশিল্পীদের পরিবেশনায় যোগ করে বাড়তি উচ্ছ্বাস।

‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানের শুটিংয়ে শিল্পীরা

তবে গানের সেই সোনিয়া অনেক দিন ধরেই সংগীতজগতের বাইরে। ব্যক্তিগত জীবনে বিয়ে করে সংসারী হয়েছেন, স্থায়ীভাবে বসবাস করছেন কানাডায়। দীর্ঘ এক দশকের বেশি সময় গান থেকে দূরে থাকলেও তাঁর গাওয়া এই গানটি রয়ে গেছে শ্রোতাদের হৃদয়ে। সেই জনপ্রিয়তাকেই নতুন প্রজন্মের কাছে আরও নতুনভাবে পৌঁছে দিতে গানটি পুনরায় প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।

Visit asg-reflektory.pl for more information.

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত হয়েছেন। এরই মধ্যে গানটির অডিও রেকর্ডিং ও ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয়েছে। নতুন করে তৈরি এই সংস্করণে থাকছে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন।

শওকত আলী ইমন

গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘একটা গান যখন সময়ের সীমানা পেরিয়ে মানুষের জীবনের অংশ হয়ে যায়, তখন সেটি শুধু গান থাকে না—অন্য রকম একটা অনুভূতি হয়ে ওঠে। “বাজেরে বাজে ঢোল আর ঢাক” ঠিক তেমনই একটি গান। ১৮ বছর আগে যেভাবে মানুষ গানটিকে গ্রহণ করেছিল, আজও সেই ভালোবাসা একই রকম আছে। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, জেন–জি শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে গ্রহণ করবে।’

‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। ভিডিও চিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সম্প্রতি ঢাকায় গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে।
বাংলা নববর্ষকে সামনে রেখে ৯ এপ্রিল গানটি প্রকাশ পাবে।

Read full story at source