মুন্সিগঞ্জে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

· Prothom Alo

সংবাদ প্রকাশের জেরে মুন্সিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আজ রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

Visit syntagm.co.za for more information.

দেড় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকেরা অংশ নেন। কর্মসূচি থেকে তাঁরা দুই সাংবাদিকের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের পাশাপাশি মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারী মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন।

মিজানুর রহমান সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট। গত ১০ মার্চ তাঁর ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে বাংলাদেশ প্রতিদিনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৪ মার্চ মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মুন্সিগঞ্জের আদালতে মামলা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিজানুর রহমান ৩৬ বছর ধরে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত। তিনি কার্যালয়ে বসে স্বাস্থ্য বিভাগ–সম্পর্কিত যেকোনো কাজের জন্য কোটি কোটি টাকার ঘুষ–বাণিজ্য করছেন। কয়েকবার বদলির পরও তিনি প্রভাব খাঁটিয়ে একই স্থানে থেকে গেছেন। প্রমাণসহ ঘুষের টাকা লেনদেনের প্রতিবেদন হয়েছে। এরপরও মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন মিজান।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, ‘মিজানুর ৩৬ বছর মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়কে ঘুষের আখড়ায় তৈরি করেছে। ঘুষ নেওয়ার ভিডিও থাকা সত্ত্বেও প্রায় এক মাস পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সাংবাদিকেরা এ ঘটনায় হতাশ।’

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষসহ অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। আগামী সাত দিনের মধ্যে মিজানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, সিভিল সার্জন কার্যালয়সহ সব সরকারি দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম, জসিম উদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ভবতোশ চৌধুরী, কোষাধ্যক্ষ সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Read full story at source