সুইডিশ প্রতিষ্ঠান সিমবায়োটিকসের বিনিয়োগ পেল আইফার্মার
· Prothom Alo

বাংলাদেশের কৃষি-প্রযুক্তি প্রতিষ্ঠান আইফার্মারকে ১৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ দিয়েছে ইমপ্যাক্ট ইনভেস্টিংয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম সিমবায়োটিকস। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইফার্মার।
কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এ বিনিয়োগ দেশের কৃষি উপকরণ সরবরাহ ও উৎপাদিত পণ্যের বাজার সংযোগ উন্নয়নে অর্থায়ন করবে আইফার্মার। এই বিনিয়োগ বাংলাদেশের কৃষি সরবরাহ চেইনকে শক্তিশালী করতে এবং কৃষি ইনপুট ও বাজার সংযোগ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্থায়নের মাধ্যমে আইফার্মার তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে, যা ক্ষুদ্র কৃষকদের জন্য উচ্চমানের কৃষি উপকরণ (যেমন—বীজ, সার ও কীটনাশক) সহজলভ্য করবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি প্রাতিষ্ঠানিক ক্রেতা ও পাইকারি বাজারের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
Visit esporist.org for more information.
আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ ইফাজ বলেন, ‘সিমবায়োটিকসের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের কৃষকদের সক্ষমতা ও সম্ভাবনার ওপর বৈশ্বিক আস্থার প্রতিফলন। এই ১৫ লাখ মার্কিন ডলারের মূলধন আমাদের খামার থেকে বাজারের দূরত্ব কমিয়ে আনতে সাহায্য করবে।’
আইফার্মার ২০১৯ সাল থেকে ক্ষুদ্র কৃষকদের জন্য ‘ওয়ান-স্টপ’ সমাধান প্রদান করে আসছে। কৃষকদের সার্বক্ষণিক কৃষিবিষয়ক নানা পরামর্শ প্রদান, জামানতবিহীন অর্থায়ন, মানসম্মত উপকরণ সরবরাহ করছে শুরু থেকেই। সেই সঙ্গে সরাসরি বাজার সংযোগ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃষকদের আয় বৃদ্ধি ও সরবরাহ চেইনে স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের ৪২টি জেলায় আইফার্মারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত কৃষকসংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।
সিমবায়োটিকস ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) অর্থায়নের জন্য নিবেদিত বিশ্বের অন্যতম প্রধান ইমপ্যাক্ট ইনভেস্টিং প্ল্যাটফর্ম। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বের ৯৯টি দেশের ৬৫৫টি প্রতিষ্ঠানে ৯,১০০টির বেশি বিনিয়োগ সম্পন্ন করেছে, যার মোট মূল্য ১১.৬ বিলিয়ন ডলারেরও বেশি।