বনানীতে বাসের চাপায় দুই শ্রমিক নিহত

· Prothom Alo

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় রাস্তার পাশে কর্মরত দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন হলেন সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে কাজ করছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সেতু ভবনের উল্টো দিকের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

Visit sport-tr.bet for more information.

বনানী থানা-পুলিশ জানায়, ভূঁইয়া পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটির চাপায় রাস্তার পাশে কাজ করা দুই শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় বাসটির সঙ্গে ধাক্কা লেগে অন্তত আরও পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খায়। এতে সড়ক বিভাজক ও এর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ নিয়ে নিহত সাগর মিয়া ও মোসলেম উদ্দিনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সাগরের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিষবন্দী গ্রামে। তাঁর বাবার নাম চান মিয়া। অন্যদিকে মোসলেম উদ্দিন মিরপুরের পূর্ব আহমেদনগরের ঈশা খাঁ রোডে থাকতেন। তাঁর বাবার নাম আসিম উদ্দিন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Read full story at source