ভোরে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি
· Prothom Alo

ঢাকায় আজ শুক্রবার ভোর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়। ভোর পাঁচটার কিছু পর থেকে সকাল সাতটার কিছু আগে পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়।
এই বৃষ্টিতে ঢাকার গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।
Visit moryak.biz for more information.
রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় রাস্তায় পানি। আজ শুক্রবার সকাল ৮ টার দিকেপশ্চিম পান্থপথে শেখ রাসেল স্কয়ারের রাস্তায় জমে গেছে পানি। আজ শুক্রবার সকাল পৌনে আটটাআজ ছুটির দিন হওয়ায় রাস্তায় এ সময় যানবাহন ছিল কম। ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে। তবে সকাল ৮টার পরও এসব রাস্তায় পানি জমেছিল।
মধুবাগ সংলগ্ন হাতিরঝিলের রাস্তায় জমা পানি। আজ শুক্রবার সকাল ৮টার দিকেজিগাতলা থেকে কারওয়ান বাজারে সকালে কর্মস্থলে আসার পথে ভোগান্তিতে পড়েন সাংবাদিক দাউদ ইসলাম। তিনি বলেন, জিগাতলায় রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যায়। ফলে দুই পা ওপরে তুলে কোনোরকমে তিনি রিকশায় বসেন। তারপরও রিকশা চলার সময় পানি ছিটে আসায় ভিজে গেছেন। এ অবস্থাতেই সারা দিন অফিস করতে হবে তাঁকে।
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কারওয়ান বাজারে সকালে কর্মস্থলে আসার পথে ভোগান্তিতে পড়েন গণমাধ্যমকর্মী ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, মে দিবস হওয়ায় আজ কোনো বাস পাননি। ফলে দুটা রিকশায় ভেঙে ভেঙে আসেন তিনি। বৃষ্টি ও রাস্তায় পানির কারণে রিকশা পাচ্ছিলেন না। মালিবাগে নোংরা পানির মধ্যে দিয়ে হেঁটে আসার পর তিনি রিকশা পেয়েছেন। ভাড়াও লেগেছে দ্বিগুন।
মালিবাগ রেলগেট এলাকার রাস্তায় পানি। এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এক পরিচ্ছন্নতাকর্মী। আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তায় পানি জমেছে। আজ শুক্রবার সকাল ৮টাআবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।
মৌচাক মার্কেটের সামনের রাস্তায় পানি। এর মধ্য দিয়ে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। আজ শুক্রবার সকাল ৮ টার একটু আগেগত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে অন্তত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে আসে। গত মঙ্গলবার রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত নানা স্থানে বৃষ্টি হয়। তবে গতকাল সকালের পর একটানা বৃষ্টি কমে আসে।
গতকাল সারা দিনে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৬০ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১২১ মিলিমিটার।
বৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।