পল্লবীর সেই শিশু হত্যার দ্রুত বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

· Prothom Alo

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ শনিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Visit turconews.click for more information.

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো।

১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেল রানা পরদিন ২০ মে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি। ২১ মে রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

এই নৃশংস ঘটনার পর নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে। শনিবারও রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

এদিকে আজ শিশু হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভুঁইয়ার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। ফলে আগামীকালই আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

Read full story at source