অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে
· Prothom Alo

দেশব্যাপী বেড়ে চলা ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং ধর্ষক, নিপীড়ক ও নির্যাতনকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে উপজেলার শাক্তা ইউনিয়নের বামুনশুর খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করে কেরানীগঞ্জ বন্ধুসভা।
মানববন্ধনে স্থানীয় খেলোয়াড়, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এ সময় বক্তাদের কণ্ঠে উঠে আসে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি।
Visit michezonews.co.za for more information.
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেরানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওসার আহমেদ বলেন, ‘আজ সমাজের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শিশু ও নারীর নিরাপত্তাহীনতা। প্রতিনিয়ত ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে একটি শিশুও ভয়ে বড় হবে না, কোনো নারী নিরাপত্তাহীনতায় ভুগবে না। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং এমন শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’
কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘শিশু ও নারীর কান্না আজ পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিচ্ছে। প্রতিটি ধর্ষণ শুধু একটি ব্যক্তির ওপর নির্যাতন নয়, এটি মানবতা ও সভ্যতার ওপর আঘাত। আমরা আর নীরব থাকতে চাই না। সমাজের প্রতিটি মানুষকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও রাষ্ট্র—সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। আমরা চাই, অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে শক্ত বার্তা পৌঁছে যাক।’
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা মহসিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক পারভেজুর রহমান, মোক্তার হোসেন, তানভীর আহমেদ, কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধু শামসুজ্জামান অন্তু, মোহনা আক্তারসহ অনেকে।
সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা