হোয়াটসঅ্যাপের তথ্য সংরক্ষণ বা উদ্ধারে সমস্যা হলে যা করতে হবে

· Prothom Alo

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নিয়মিত বার্তা, ছবি, ভিডিও ও নথি আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু স্মার্টফোন চুরি হলে বা পরিবর্তন করলে এসব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর তাই অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা সব তথ্য অনলাইনে সংরক্ষণ করে থাকেন। তবে মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে তথ্যের ব্যাকআপ বা রিস্টোর কার্যক্রম ঠিকমতো কাজ করে না। হোয়াটসঅ্যাপে ব্যাকআপ বা রিস্টোরের সমস্যা সমাধানের কৌশলগুলো জেনে নেওয়া যাক।

Visit afrikasportnews.co.za for more information.

১. সাময়িক ত্রুটি হলে

সাময়িক ত্রুটির কারণে হোয়াটসঅ্যাপে ব্যাকআপ বা রিস্টোর কার্যক্রম ঠিকমতো কাজ করে না। আর তাই সমস্যা সমাধানে প্রথমেই স্মার্টফোন রিস্টার্ট করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে সাইন আউট করে আবার সাইন ইন করতে হবে। একই সঙ্গে ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে আবার চালু করা বা অন্য নেটওয়ার্ক ব্যবহার করেও দেখা যেতে পারে। প্রয়োজনে মোবাইল ডেটাও ব্যবহার করা যেতে পারে। তবে নেটওয়ার্ক পরিবর্তনের সময় ব্যাকআপ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

ফোনে পর্যাপ্ত ধারণক্ষমতা না থাকলেও ব্যাকআপ বা রিস্টোর কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফোনে পর্যাপ্ত খালি জায়গার পাশাপাশি ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এরপরও সমস্যা দেখা দিলে হোয়াটসঅ্যাপ ‘ফোর্স স্টপ’ করে আবার চালু করা যেতে পারে। ফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালু রয়েছে, সেই সিম সক্রিয় আছে কি না, সেটি পরীক্ষা করতে হবে।

২. গুগল প্লে সার্ভিসেস হালনাগাদ

অনেক সময় পুরোনো গুগল প্লে সার্ভিসেস অ্যাপের কারণেও হোয়াটসঅ্যাপে তথ্য সংরক্ষণ বা উদ্ধারে সমস্যা হতে পারে। আর তাই ফোনের সেটিংস থেকে অ্যাপস অপশনে ক্লিক করে ‘গুগল প্লে সার্ভিসেস’ নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাপ ইনফো’ থেকে ‘আপডেট’ অপশনে ট্যাপ করে সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। সমস্যার সমাধান না হলে হোয়াটসঅ্যাপ আনইনস্টলের পর নতুন করে ইনস্টল করতে হবে।

৩. ত্রুটি থাকার বার্তা দেখালে

তথ্য সংরক্ষণের সময় সমস্যা হলে ত্রুটির ধরন অনুযায়ী বিভিন্ন বার্তা প্রদর্শন করে হোয়াটসঅ্যাপ। কখনো আবার হোয়াটসঅ্যাপে গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে গেলে অ্যাকাউন্টটি ধূসর রঙে দেখা যায়। এ ধরনের সমস্যার ক্ষেত্রে প্রথমেই হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় অনুমতিগুলো ঠিকভাবে চালু আছে কি না, তা পরীক্ষা করতে হবে। বিশেষ করে ‘ফটোস অ্যান্ড ভিডিওস’ অনুমতি ‘অ্যালাও’ অবস্থায় থাকতে হবে। এরপর ফোনের ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্টস’ বা ‘ম্যানেজ অ্যাকাউন্টস’–এ গিয়ে গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। সেখানে ‘সিঙ্ক অ্যাকাউন্ট’ অপশনে গিয়ে ‘সিঙ্ক নাউ’ নির্বাচন করলে তথ্য হালনাগাদ হবে। প্রয়োজনে গুগল অ্যাকাউন্টটি মুছে ফেলে আবার যুক্ত করতে হবে। এ জন্য হোয়াটসঅ্যাপের ‘সেটিংস অপশনে থেকে চ্যাটসে ক্লিক করে চ্যাট ব্যাকআপ নির্বাচনের পর গুগল অ্যাকাউন্ট’ অপশন থেকে আবার অ্যাকাউন্ট যোগ করতে হবে।

৪. ব্যাকআপ ফাইলে সমস্যা থাকলে

সব চেষ্টা করার পরও ব্যাকআপ রিস্টোর না হলে ব্যাকআপ ফাইলটি ‘করাপ্টেড’ হতে পারে। সাধারণত ব্যাকআপের সময় হঠাৎ বাধা সৃষ্টি হলে, অ্যাপ অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত কোনো ফাইল আদান–প্রদানের কারণে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, করাপ্টেড ব্যাকআপ ফাইল সব সময় পুনরুদ্ধার করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে সমস্যার নির্দিষ্ট কারণও শনাক্ত করা যায় না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Read full story at source