টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

· Prothom Alo

পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই গ্রামে এ ঘটনা ঘটে।

Visit afrikasportnews.co.za for more information.

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে দুই পক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিহত কালাম তালুকদার (৬৫) জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুরের গুলিপেঁচা ও ভূঞাপুরের জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে গত ২২ এপ্রিল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ান দুটি গ্রামের লোকজন। দেশি অস্ত্র নিয়ে তাঁরা পরস্পরের ওপর হামলা করেন। এ সময় কালাম তালুকদারসহ অনেকে আহত হন। পরে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই দুই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Read full story at source