সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে
· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনে করা একটি মামলার আসামি হিসেবে আজ বুধবার আদালতে হাজির হয়ে হাসনাত জামিন চাইলে বিচারক নুরুল হক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Visit asg-reflektory.pl for more information.
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. কামাল হোসেন। এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তাঁর এপিএস ছিলেন। দুজনের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। হাসনাত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদ নামের এক ব্যক্তির ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদাকে প্রধান আসামি করা হয়। এই মামলার আসামি হাসনাত হোসাইন। এ মামলায় এম এ মান্নানও গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি বর্তমানে জামিনে।