ফেনীতে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২

· Prothom Alo

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এ দুর্ঘটনায় এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Visit tr-sport.bond for more information.

নিহত ব্যক্তিরা হলেন মীর হোসেন (৪৫) ও আহসানুল হক (১৫)। এর মধ্যে মীর হোসেন পথচারী এবং আহসানুল হক পিকআপ ভ্যানটির যাত্রী। গাড়িটি চালাচ্ছিলেন আহসানুল হকের বাবা সিদ্দিকুর রহমান।

পুলিশ জানায়, নিহত মীর হোসেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছার এলাকার বাসিন্দা। আহসানুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির জেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের শিকদার খিল গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালক সিদ্দিকুর ও তাঁর ছেলেও আহত হন। আহত অবস্থায় দুই পথচারীসহ চারজনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের একজন হাসপাতালে চিকিৎসাধীন। চালক সিদ্দিকুর রহমানকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) মোহাম্মদ শহীদ বলেন, দুর্ঘটনায় কিশোরটির মাথা ও ঊরুতে জখম হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read full story at source