সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার
· Prothom Alo

স্বজন, দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় সংসদ ভবন চত্বরে নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
Visit umafrika.club for more information.
রোববার বিকেলে জাতীয় সংসদের টানেলে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।
সংসদ ভবনের যে অঙ্গনে জমির উদ্দিন সরকার বহু বছর সংসদ পরিচালনা করেছেন, সেই প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হওয়ায় শেষ বিদায় অংশগ্রহণকারীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য সাধারণ মানুষ তাঁর জানাজায় অংশ নেন।
জানাজার আগে ও পরে প্রিয় এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল মাগফিরাতের দোয়া। দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের সহকর্মীরা স্মরণ করেন তাঁর প্রজ্ঞা, সৌজন্য, বিনয় ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের কথা।
দোয়া ও অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় দেশের এই বিশিষ্ট রাজনীতিক, প্রথিতযশা আইনজ্ঞ ও সংসদীয় গণতন্ত্রের এক নিবেদিতপ্রাণ অভিভাবকের শেষ যাত্রার আনুষ্ঠানিকতা। তাঁর বিদায়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও সংসদীয় পরিমণ্ডলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব এ এস এম বাহাউদ্দিন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের পক্ষে সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া ও কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের শোক