শিক্ষার্থী পেল ১১.৯৯ জিপিএ
· Prothom Alo
শিক্ষার্থীদের রেকর্ড নম্বর যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই দারুণ গর্বের। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলের এক শিক্ষার্থী এ বছর যে নম্বর পেয়েছেন, তা ওই এলাকার সরকারি স্কুল পরিচালনা কর্তৃপক্ষের মাথা ঘুরিয়ে দিয়েছে। তারা এ ঘটনার পর শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ) গণনার পদ্ধতিই পরিবর্তন করে ফেলেছে।
Visit newsbetting.cv for more information.
ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার লুটজে। এটি হিলসবরো ও পাসকো কাউন্টির একটি এলাকা। টাম্পা শহর থেকে এটির দূরত্ব প্রায় ১৫ মাইল।
লুটজের স্টেইনব্রেনার হাইস্কুলের শিক্ষার্থী বৈভব ভাস্কর। এই কৃতী শিক্ষার্থী এ বছর জিপিএ ১১ দশমিক ৯৯ পেয়ে স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্কুল গ্রাজুয়েশনে কোনো শিক্ষার্থীর সর্বোচ্চ জিপিএ ১১ দশমিক ৮৪ পাওয়ার রেকর্ড ছিল। ২০২২ সালে গেইদার হাইস্কুলের ডিলান মাজর্ড ওই রেকর্ড গড়েছিলেন।
হিলসবরো কাউন্টির নীতিমালার কারণে ভাস্করের জিপিএ এত বেশি হয়েছে। ওই নীতিতে অ্যাডভান্সড প্লেসমেন্ট ও ডুয়াল এনরোলমেন্ট কোর্সে ‘এ’ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের প্রচলিত ৪ দশমিক ০ জিপিএর অতিরিক্ত বোনাস পয়েন্ট দেওয়া হয়।
ডুয়াল এনরোলমেন্ট এমন একটি ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা একই সঙ্গে স্কুল ও কলেজের কোর্স করতে পারেন, ভাস্কর এ সুযোগই নিয়েছেন।
উচ্চমাধ্যমিকে অধ্যয়নকালে ভাস্কর ২০টি অ্যাডভান্সড প্লেসমেন্ট কোর্স সম্পন্ন করেছেন। পাশাপাশি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অনলাইন কর্মসূচির মাধ্যমে ২৪টি ডুয়াল এনরোলমেন্ট কলেজ কোর্সও শেষ করেছেন। এভাবে তিনি একটি অ্যাসোসিয়েট ডিগ্রি (কলেজ থেকে দুই বছর মেয়াদি ডিগ্রি) অর্জন করেছেন।
টাম্পা বে টাইমসকে ভস্কর বলেন, ‘একবার আমি যখন ঠিক করলাম, আমাকে প্রথম হতেই হবে। আমি সামনে থাকা প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছি। আমি সবচেয়ে কঠিন সব কোর্স নিয়েছি। একপর্যায়ে আমি স্কুলের পুরো পাঠ্যক্রমই শেষ করে ফেলেছিলাম, এরপর ভেবেছি, এর বাইরে আমি আর কী করতে পারি।’
ভাস্কর অক্টোবরে অভিজাত ডিউক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন।
ভাস্করের এ অর্জনের পর হিলসবরো কাউন্টির স্কুল বোর্ড সম্প্রতি জিপিএ নীতিমালা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং জিপিএর ওপর একটি সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে, যা আগামী বছরের স্নাতক ব্যাচ থেকে কার্যকর হবে।
কর্তৃপক্ষের মতে, জিপিএ বাড়ানোর এ ইঁদুরদৌড় শিক্ষার্থীদের অতিরিক্ত অনলাইন কোর্স করতে বাধ্য করছে, যা তাঁদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই আগামী বছর থেকে জিপিএর ওপর সর্বোচ্চ সীমা বা ‘ক্যাপ’ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে স্কুল বোর্ড। ফলে বৈভবের এ অনন্য রেকর্ড আর কখনোই কেউ ভাঙতে পারবেন না।