জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানালেন শহীদদের স্বজনেরা

· Prothom Alo

জুলাই গণ–অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদদের স্বজনেরা। জুলাইয়ের বিভীষিকাময় স্মৃতি তুলে ধরে তারা শহীদদের স্মৃতি সংরক্ষণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Visit extonnews.click for more information.

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত দোয়া ও ফাতেহা পাঠ কর্মসূচিতে তাঁরা এই দাবি জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আজ যাঁরা ক্ষমতায় আছেন, তারা জুলাইয়ের কারণেই ক্ষমতায়। তাই অন্তত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করুন।’ তিনি বলেন, আন্দোলনে আহত অনেকেই স্থায়ী পঙ্গুত্ব ও অন্ধত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

জুলাইয়ে শহীদ মোহাম্মদ সোহেল রানার ছোট ভাই মোহাম্মদ নাবিল হোসেন বলেন, বেওয়ারিশ হিসেবে দাফনের দেড় বছর অপেক্ষার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর ভাইয়ের মরদেহ শনাক্ত করা হয়। তিনি অভিযোগ করেন, নিহতদের পরিবার এখনো বিচার ও স্বীকৃতির জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছে, অথচ অনেক শহীদের কবরও এখনো সংস্কার করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের ভাইদের হত্যার বিচার যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে বলে দিন। আমরা আল্লাহর কাছেই বিচার চাইব।’

দুই বছর পরও জুলাইয়ে শহীদদের পরিবারের প্রধান দাবি—হত্যাকাণ্ডের বিচার এখনো অপূর্ণই রয়ে গেছে বলে উল্লেখ করেছেন ইনকিলাব মঞ্চের সহমুখপাত্র ফাতেমা তাসনিম। তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে কেউ কেউ রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হলেও অধিকাংশ শহীদ পরিবার এখনো কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এবং বিচার পায়নি। শহীদদের কবর সংস্কার এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন হবে তখনই, যখন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Read full story at source