পরিবর্তনের শুরুটা নিজের ভেতর থেকেই করতে হবে
· Prothom Alo

আগস্টের প্রথম দিনটি ছিল জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি আত্মসমালোচনা ও আত্মশুদ্ধিচর্চার এক অনন্য উপলক্ষ। সে উপলক্ষে আবূ আবদুর রহমান আস-সুলামী (রহ.) রচিত আরবি গ্রন্থ ‘আত্মশুদ্ধি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। বইটির আরবি নাম ‘উয়ুবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা’। এতে আত্মসমালোচনা, চরিত্র গঠন, নৈতিকতা, আত্মসংযম ও আল্লাহভীতি অর্জনের বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে অনুষ্ঠিত এ পাঠচক্রের শুরুতে নতুন ও পুরোনো বন্ধুদের পরিচয় পর্ব হয়। পাঠচক্র সঞ্চালনা করেন বন্ধু মারুফ আল গালিব। তিনি বইটির মূল বিষয়, আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও সমাজজীবনে এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Visit asg-reflektory.pl for more information.
সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘জুলাই আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয় আর আগস্ট আমাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আত্মশুদ্ধির চর্চার মাধ্যমে আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে সমাজও ইতিবাচকভাবে পরিবর্তিত হবে।’
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘নিজেকে জানো, নিজেকে বদলাও। আত্মশুদ্ধি এমন একটি চর্চা, যা মানুষকে অহংকার, হিংসা, লোভ ও অন্যায় থেকে দূরে রেখে সততা ধৈর্য, বিনয় ও মানবিকতার পথে পরিচালিত করে। আমরা যদি নিয়মিত বই পড়ি, আত্মসমালোচনা করি এবং শেখা বিষয়গুলো বাস্তব জীবনে প্রয়োগ করি, তাহলে শুধু ব্যক্তিগত জীবন নয়, সমাজও ইতিবাচকভাবে পরিবর্তিত হবে। প্রথম আলো বন্ধুসভার প্রতিটি পাঠচক্রের লক্ষ্যই হলো আলোকিত, সচেতন ও মানবিক মানুষ গড়ে তোলা।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আত্মশুদ্ধি মানে শুধু নিজের ভুলগুলো খুঁজে বের করা নয়, বরং ভুলগুলো সংশোধন করে উত্তম মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা। আমরা যদি নিজেদের চরিত্র, আচরণ ও চিন্তাকে সুন্দর করতে পারি, তাহলে পরিবার, সমাজ ও দেশও সুন্দর হবে। বই পাঠ মানুষের বিবেককে জাগ্রত করে আর আত্মশুদ্ধি আমাদের শেখায় যে পরিবর্তনের শুরুটা নিজের ভেতর থেকেই করতে হবে।’
পাঠচক্র শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরাবন্ধু মারুফ আল গালিব বলেন, ‘“আত্মশুদ্ধি” বইটি আমাদের শেখায়, অন্যের ভুল খোঁজার আগে নিজের ভুলগুলো সংশোধন করাই মানুষের প্রকৃত উন্নতির পথ।’
বন্ধু তাছনিয়া ইসলাম বলেন, ‘আজকের পাঠচক্র থেকে উপলব্ধি করেছি, আত্মশুদ্ধি শুধু ধর্মীয় অনুশীলন নয়; এটি মানুষের সুন্দর চরিত্র, সহনশীলতা ও মানবিকতা গঠনের অন্যতম ভিত্তি।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক টুটুল সিকদার, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মন্ডল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বন্ধু রিতি মনি, রাহুল মিয়া, মো. আলভি, সৌরভ রেজা, সুয়াইব হাসান, বৃষ্টি আক্তারসহ অন্য বন্ধুরা।