ঢাবিতে ‘শ্রাবণ মেঘের গান’
· Prothom Alo

শ্রাবণের আকাশে মেঘ জমেছে। কখনো ঝুম বৃষ্টি, কখনো মেঘলা বিকেল। বর্ষামুখর আবহে গান শুনতে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিংপুলে হয়ে গেল গানের আসর ‘শ্রাবণ মেঘের গান’। বর্ষাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের (ডিইউসিএস) এ আয়োজনে গান শুনিয়েছেন ক্যাম্পাসে বেড়ে ওঠা ও তরুণ প্রজন্মের কয়েকজন শিল্পী ও ব্যান্ড। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে পাঁচটায় টিএসসির সুইমিংপুল প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে মৌলিক ও জনপ্রিয় বিভিন্ন গান গেয়েছিলেন তুহিন কান্তি দাস, সাহস মুস্তাফিজ, নাহিদ হাসান, বাপ্পী নবী, সৈয়দ মিজান, ইলা লালালালা, আন্তনগর ও প্রভাতফেরী। তাঁদের সঙ্গে গানে অংশ নেন ডিইউসিএসের শিল্পীরাও।
Visit palladian.co.za for more information.
বর্ষা বাঙালির কাছে শুধু একটি ঋতু নয়; মেঘ-বৃষ্টি, ভেজা মাটি, সবুজ প্রকৃতি আর গানের সঙ্গে জড়িয়ে আছে এর আলাদা এক আবেগ। সেই আবহকে মঞ্চে তুলে ধরতেই ‘শ্রাবণ মেঘের গান’-এর আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।
ডিইউসিএসের আয়োজনে এর আগে আষাঢ় পার্বণ, বর্ষবরণ ও বসন্ত উৎসবসহ বিভিন্ন ঋতুভিত্তিক সাংস্কৃতিক আয়োজন হয়েছে। তবে এবারের আয়োজনটি কিছুটা আলাদা। আয়োজকদের ভাষ্য, ব্যস্ত নগরজীবনের একঘেয়েমির মধ্যে বর্ষার মেঘ-বৃষ্টির সঙ্গে গানকে মিলিয়ে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী সন্ধ্যা তৈরি করতে চেয়েছেন তাঁরা। প্রকৃতির ঋতুচক্রের সঙ্গে বাঙালির সাংস্কৃতিক সম্পর্ককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।