আইফোনে স্পাইওয়্যার হামলার সতর্কবার্তা পাঠাল অ্যাপল

· Prothom Alo

অ্যাপল জানিয়েছে, ১৩ আগস্ট ১১০টি দেশের নির্দিষ্ট কিছু আইফোন ব্যবহারকারীর কাছে নতুন করে স্পাইওয়্যার হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে। এসব ব্যবহারকারীকে লক্ষ্য করে ‘মার্সেনারি স্পাইওয়্যার’ বা ভাড়াটে স্পাইওয়্যার দিয়ে হামলার চেষ্টা শনাক্ত হওয়ার পর তাঁদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

Visit truewildgame.online for more information.

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিংকম্পিউটারকে অ্যাপল জানিয়েছে, অত্যন্ত লক্ষ্যভিত্তিক এসব হামলার আশঙ্কা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের কয়েকজন ব্যবহারকারীও একই ধরনের সতর্কবার্তা পাওয়ার কথা জানিয়েছেন। অ্যাপলের এ সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা নতুন নয়। ২০২১ সাল থেকে অত্যন্ত লক্ষ্যভিত্তিক মার্সেনারি স্পাইওয়্যার হামলার আশঙ্কা শনাক্ত হলে নিয়মিত ব্যবহারকারীদের সতর্ক করে আসছে প্রতিষ্ঠানটি। তবে কোন সতর্কবার্তার সঙ্গে নির্দিষ্ট কোন স্পাইওয়্যার যুক্ত, তা অ্যাপল প্রকাশ করে না। ফলে এবার পাঠানো সতর্কবার্তাগুলো যে পেগাসাস স্পাইওয়্যারের সঙ্গে সরাসরি সম্পর্কিত, এমন কোনো প্রমাণ নেই।

তবে মার্সেনারি স্পাইওয়্যারের উদাহরণ হিসেবে অ্যাপল এনএসও গ্রুপের পেগাসাসের কথা উল্লেখ করেছে। এর আগে অ্যাপলের এমন সতর্কবার্তা পাওয়ার পর পরিচালিত ফরেনসিক তদন্তে কিছু ক্ষেত্রে পেগাসাসের সংক্রমণের প্রমাণও পাওয়া গেছে।

অ্যাপলের তথ্যমতে, নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে অত্যন্ত পরিশীলিত মার্সেনারি স্পাইওয়্যার হামলা শনাক্ত হলে ১৫০টির বেশি দেশের ব্যবহারকারীদের সতর্ক করা হয়। সাংবাদিক, অধিকারকর্মী, রাজনীতিবিদ ও কূটনীতিকেরা অতীতে এ ধরনের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন। মার্সেনারি স্পাইওয়্যার ব্যবহার করে চালানো হামলা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। সাধারণত অল্পসংখ্যক নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। অ্যাপলের মতে, এ ধরনের হামলায় লাখ লাখ ডলার খরচ হতে পারে। এসব স্পাইওয়্যারের কার্যকারিতার সময়কালও অনেক ক্ষেত্রে সীমিত থাকে। ফলে হামলা শনাক্ত ও প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। অ্যাপল জানিয়েছে, অধিকাংশ ব্যবহারকারী কখনোই এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হবেন না। কোনো ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠালেও হামলার পেছনে কোন সরকার, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট অঞ্চলের ব্যক্তি বা গোষ্ঠী রয়েছে, সে তথ্য প্রকাশ করে না প্রতিষ্ঠানটি।

মার্সেনারি স্পাইওয়্যার শনাক্ত করতে অ্যাপল নিজস্ব হুমকিসংক্রান্ত তথ্য ও তদন্তের ওপর নির্ভর করে। তাই এসব সতর্কবার্তাকে সাধারণ নিরাপত্তা সতর্কতা হিসেবে দেখার সুযোগ নেই। অ্যাপলের মতে, এগুলো ‘উচ্চমাত্রার নির্ভরযোগ্যতার সতর্কবার্তা’। অ্যাপল বলেছে, কোনো তদন্তই শতভাগ নিশ্চিত ফল দিতে পারে না। তবে থ্রেট নোটিফিকেশন পাঠানোর সময় কোনো ব্যবহারকারীকে লক্ষ্য করে মার্সেনারি স্পাইওয়্যার হামলা চালানো হয়েছে, এ বিষয়ে তাদের উচ্চমাত্রার আস্থা থাকে। এ কারণে সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। তবে কী ধরনের তথ্য বা কার্যক্রমের ভিত্তিতে এসব সতর্কবার্তা পাঠানো হয়, তা প্রকাশ করে না অ্যাপল। কারণ, এ তথ্য প্রকাশ করা হলে হামলাকারীরা নিজেদের কৌশল পরিবর্তন করে ভবিষ্যতে শনাক্তকরণ এড়িয়ে যেতে পারে। ব্লিপিংকম্পিউটারকে অ্যাপল জানিয়েছে, হুমকিসংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার প্রক্রিয়াটি হালনাগাদ করা হয়েছে। ফলে সতর্কবার্তা পাওয়া ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ তথ্য সহজে দেখতে পারবেন এবং নিজেদের অ্যাকাউন্ট ও ডিভাইসের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

কোনো সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে ব্যবহারকারীর অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই–মেইল ঠিকানা ও ফোন নম্বরে ই-মেইল এবং আইমেসেজের মাধ্যমে সতর্কবার্তা পাঠায় অ্যাপল। এসব ই-মেইল সাধারণত এই ঠিকানা ([email protected]) থেকে পাঠানো হয়। তবে সতর্কবার্তার নামে ভুয়া ই-মেইলও ছড়াতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের পাঠানো সতর্কবার্তাটি সত্যি কি না, তা যাচাই করতে ওয়েবসাইটে (account.apple.com) গিয়ে অ্যাপল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। অ্যাপল সত্যিই কোনো সতর্কবার্তা পাঠিয়ে থাকলে লগইন করার পর ওয়েবসাইটের ওপরে সেটি দেখা যাবে। অ্যাপলের প্রকৃত থ্রেট–সংক্রান্ত সতর্কবার্তার ই–মেইলে কোনো লিংকে ক্লিক করতে, ফাইল খুলতে, অ্যাপ বা প্রোফাইল ইনস্টল করতে কিংবা অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা যাচাইকরণ কোড দিতে বলা হয় না। ফলে এসব তথ্য চাওয়া হলে সেটিকে সন্দেহজনক বার্তা হিসেবে বিবেচনা করতে হবে।

কেউ এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে মনে হলে ‘লকডাউন মোড’ চালু করার পরামর্শ দিয়েছে অ্যাপল। পাশাপাশি ডিভাইসের সফটওয়্যার সর্বশেষ সংস্করণে হালনাগাদ করা এবং প্রয়োজন হলে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লিপিংকম্পিউটার

Read full story at source