বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক গ্রেপ্তার

· Prothom Alo

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ছিদ্দিক হাওলাদার (৪০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ওই শিশুকে তার বড় বোন বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেয়। অটোরিকশায় আগে থেকে প্রথম শ্রেণির আরও এক শিশু ছিল। বৃষ্টির মধ্যে কিছু দূর যাওয়ার পর নির্জন স্থানে অটোরিকশাটি থামিয়ে চালক দ্বিতীয় শ্রেণিতে পড়া শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর চিৎকার শুনে কাছাকাছি থাকা একটি মুরগির খামারের মালিক ঘটনাস্থলে গেলে চালক দুই শিশুকে অটোরিকশা থেকে নামিয়ে দ্রুত চলে যান। পরে ওই শিশু বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। এ সময় শিশুটির পরনে থাকা পোশাকে রক্ত দেখা যায়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। শুক্রবার শিশুর পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় মামলা করা হয়।

Visit asg-reflektory.pl for more information.

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তি ও নানা কৌশল কাজে লাগিয়ে পুলিশ প্রথমে ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করে। পরে তাঁকে গ্রেপ্তার করার পর তিনি অপরাধের কথা স্বীকার করেন।

Read full story at source