হলিউড সিনেমার গল্পের মতো নর্ড স্ট্রিম হামলা, গ্রেপ্তার সন্দেহভাজন কে এই ভলোদিমির ঝুরাভলেভ
· Prothom Alo

হলিউড সিনেমার চিত্রনাট্য হতে পারত এটি—যার মধ্যে রয়েছে অপ্রত্যাশিত চমক।
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বোমা হামলার ঘটনা ঘটেছিল। বাল্টিক সাগরের নিচ দিয়ে যাওয়া এই পাইপলাইন রাশিয়া ও জার্মানিকে যুক্ত করেছিল। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে গত বুধবার ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ ইউক্রেনীয় ডুবুরি ভলোদিমির ঝুরাভলেভকে গ্রেপ্তার করেছে। একটি নির্মাণাধীন হলিউড সিনেমার সেটে কাজ করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
Visit livefromquarantine.club for more information.
জার্মানির গণমাধ্যম জানিয়েছে, স্কুবা ডুবুরি ঝুরাভলেভ ‘স্নেক আইল্যান্ড’ নামের একটি আসন্ন হলিউড সিনেমার সেটে পরামর্শক হিসেবে কাজ করছিলেন। মজার ব্যাপার হলো, সিনেমাটি মূলত ওই বোমা হামলার ঘটনা নিয়েই তৈরি হচ্ছে, যে হামলায় তিনি নিজেই জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঝুরাভলেভ, নর্ড স্ট্রিম বোমা হামলা এবং এর সঙ্গে হলিউডের সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করা যাক।
ভলোদিমির ঝুরাভলেভ কে
ঝুরাভলেভ একজন ইউক্রেনীয় নাগরিক। তিনি পেশাদার স্কুবা ডুবুরি এবং ডুবুরিদের প্রশিক্ষক।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কিয়েভের একটি ডাইভিং স্কুলের সঙ্গে যুক্ত।
জার্মানির গোপনীয়তা আইন অনুযায়ী, তাঁকে কেবল তাঁর নামের প্রথম অংশ ও আদ্যক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। তাই জার্মানির আদালতের কাগজপত্রে তাঁকে মাঝেমধ্যেই ‘ভ্লাদিমির জেড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জার্মান কর্তৃপক্ষের মতে, ২০২২ সালের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম পাইপলাইনে বোমা হামলার ঘটনায় তিনি অন্যতম সন্দেহভাজন। খবরে বলা হয়েছে, ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করেছে।
জার্মানির লুবমিনে ‘নর্ড স্ট্রিম–১’ গ্যাস পাইপলাইনের উপকূলীয় স্থাপনার পাইপ। ৮ মার্চ ২০২২তবে ঝুরাভলেভ এই নাশকতায় তাঁর নিজের কোনো ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন।
২০২৪ সালে ঝুরাভলেভ পোল্যান্ডে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে ইউক্রেনে চলে যান।
গত বছর পোল্যান্ডের একটি আদালত তাঁর বিরুদ্ধে জার্মানির জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে অস্বীকৃতি জানায়। আদালত রায় দেন, এই ক্ষেত্রে জার্মান কর্তৃপক্ষের কোনো আইনি অধিকার নেই। এ ছাড়া নর্ড স্ট্রিম ধ্বংসের ঘটনাটিকে আত্মরক্ষামূলক যুদ্ধে ইউক্রেনের একটি যৌক্তিক কাজ হিসেবেও দেখা যেতে পারে।
পোল্যান্ড দীর্ঘদিন ধরেই নর্ড স্ট্রিম প্রকল্পগুলোর বিরোধিতা করে আসছে।
ঝুরাভলেভ ক্রোয়েশিয়ার স্থানীয় কর্তৃপক্ষের অজান্তে সেখানে অবস্থান করছিলেন কি না, তা পরিষ্কার নয়। তবে শেষ পর্যন্ত তারাই তাঁকে গ্রেপ্তার করেছে।
জার্মানির কেন্দ্রীয় সরকারি কৌঁসুলিদের মতে, ইউরোপীয় একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে স্থানীয় পুলিশ বাহিনী ঝুরাভলেভকে আটক করেছে।
ঝুরাভলেভের আইনজীবীরা এখন তাঁকে জার্মানির হাতে তুলে দেওয়া (প্রত্যর্পণ) ঠেকাতে চেষ্টা করবেন।
গত বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, তাঁর পোলিশ আইনজীবী টিমোতেউস পাপরোকি বলেছেন, যদি ক্রোয়েশিয়ার কোনো আদালত এই মামলার শুনানি করেন, তবে তা হবে এমন একটি বিষয়ের ওপর রায় দেওয়া, যার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের আরেক সদস্যরাষ্ট্র পোল্যান্ড আগেই দিয়ে দিয়েছে।
ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছে নর্ড স্ট্রিম–২ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস বের হওয়ার এই দৃশ্য ধরা পড়ে ডেনিশ এফ-১৬ যুদ্ধবিমান থেকে। ২৭ সেপ্টেম্বর ২০২২নর্ড স্ট্রিম পাইপলাইন সম্পর্কে আমরা কী জানি
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া দুটি নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছিল।
এই বিস্ফোরণে নর্ড স্ট্রিম–১ পাইপলাইন এবং নর্ড স্ট্রিম–২ ক্ষতিগ্রস্ত হয়। নর্ড স্ট্রিম–২ তখনো চালু হয়নি।
প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম–২ গ্যাস পাইপলাইনটির মালিকানা রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানিপ্রতিষ্ঠান গাজপ্রমের। এটি বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে পৌঁছায়। এটি চালু হলে আগের নর্ড স্ট্রিম–১ পথের ধারণক্ষমতা দ্বিগুণ হয়ে যেত।
জার্মানির রাজধানী বার্লিন দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছিল, নর্ড স্ট্রিম–২ পুরোপুরি একটি বাণিজ্যিক প্রকল্প।
অবশ্য এর সঙ্গে ভূরাজনৈতিক বিষয়ও জড়িয়ে আছে।
এই পাইপলাইন ইউক্রেনকে পাশ কাটিয়ে চলে যাওয়ায় কিয়েভের শত শত কোটি ডলারের বার্ষিক ট্রানজিট ফি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। কারণ, ইউক্রেনের ওপর দিয়ে রাশিয়ার গ্যাস যাওয়ার কারণে তারা এই ফি আয় করত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর এসব পাইপলাইন মস্কোর ওপর ইউরোপের অব্যাহত জ্বালানিনির্ভরতা এবং ইউরোপ মহাদেশে রপ্তানি থেকে ক্রেমলিনের অর্জিত রাজস্বের প্রতীকেও পরিণত হয়েছিল।
বিস্ফোরণগুলো আন্তর্জাতিক জলসীমায় ঘটলেও তা ডেনমার্ক এবং সুইডেনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে পড়েছিল।
কোনো দেশই কখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ডেনমার্ক ও সুইডেন ২০২৪ সালে এই বিস্ফোরণ নিয়ে তাদের তদন্ত বন্ধ করে দেয়, কিন্তু জার্মানি এখনো মামলাটি তদন্ত করছে।
এ বছরের জুলাইয়ে জার্মানির কেন্দ্রীয় সরকারি প্রসিকিউটররা সের্হি কে নামের সাবেক এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন।
প্রসিকিউটররা দাবি করেন, তিনি ইউক্রেনের গোয়েন্দা কর্তৃপক্ষের হয়ে কাজ করছিলেন।
ক্রোয়েশিয়ার পুলায় আদালতের শুনানি শেষে ভ্লাদিমির জেডকে নিয়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা। ২০ আগস্ট ২০২৬জার্মানির গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২০২৫ সালের আগস্টে সের্হিকে ইতালিতে গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৫ সালের নভেম্বরে তাঁকে জার্মানিতে পাঠানো হয়।
ইউক্রেন সরকার পাইপলাইন বিস্ফোরণে তাদের কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
প্রসিকিউটররা জানিয়েছেন, পেশাদার ডুবুরি, একজন নৌকার মাঝি এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন সের্হি কে।
এই সন্দেহভাজন ব্যক্তিরা ২০২২ সালের সেপ্টেম্বরে জাল ইউক্রেনীয় পাসপোর্ট ব্যবহার করে জার্মানিতে প্রবেশ করেন। এরপর তাঁরা ভুয়া পরিচয়পত্র দিয়ে ভাড়া করা একটি ইয়টে ওঠেন।
প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, দলটির সদস্যরা আন্তর্জাতিক জলসীমা দিয়ে বিপুল পরিমাণ সামরিক মানের বিস্ফোরক ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছাকাছি একটি এলাকায় নিয়ে যায়। এরপর সেগুলো বাল্টিক সাগরের তলদেশে থাকা পাইপলাইনের সঙ্গে আটকে দেয় এবং বিস্ফোরণ ঘটানোর জন্য টাইম ফিউজ সেট করে।
হলিউডের সঙ্গে ঝুরাভলেভের সম্পর্ক কী
জার্মান গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারের সময় ঝুরাভলেভ ‘স্নেক আইল্যান্ড’ সিনেমার সেটে পরামর্শক হিসেবে কাজ করছিলেন। ক্রোয়েশিয়ার জাগরেব শহরে সিনেমাটির শুটিং চলছিল।
‘স্নেক আইল্যান্ড’ সিনেমাটি পরিচালনা করছেন ডগ লিম্যান। তিনি ২০০২ সালের থ্রিলার ‘দ্য বর্ন আইডেন্টিটি’, ২০০৫ সালের অ্যাকশন-কমেডি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ এবং ২০১৪ সালের বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘এজ অব টুমরো’ পরিচালনার জন্যও বিখ্যাত।
গ্যাস পাইপলাইন নিয়ে তৈরি লিম্যানের আসন্ন এই কাল্পনিক পলিটিক্যাল থ্রিলার সিনেমায় অভিনয় করছেন একাধিক অস্কারজয়ী তারকা—শন পেন ও অ্যাড্রিয়েন ব্রডি।
ব্রডিকে সিনেমার শুটিং স্পটে দেখা গেছে। গ্রেপ্তারের ঠিক আগে ওই একই জায়গায় ঝুরাভলেভকেও দেখা গিয়েছিল।