যেকোনো শর্তে তৌফিক-ই-ইলাহীর জামিন চাইলেন তাঁর আইনজীবী

· Prothom Alo

প্রায় দুই বছর হতে চললেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ অবস্থায় যেকোনো শর্তে তৌফিক-ই-ইলাহীর জামিন চেয়েছেন তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

Visit zeppelin.cool for more information.

আন্তর্জাতিক অপরাধ ট্রাই্যুনাল–১–এর কাছে আজ বৃহস্পতিবার এ জামিন আবেদন করা হয়।

জামিন শুনানিতে আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর মক্কেল ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন; কিন্তু এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। আইনে বলা আছে, এক বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এ সময়ের মধ্যে যৌক্তিক কারণে তদন্ত শেষ না করা গেলে আরও ছয় মাস সময় বৃদ্ধি করা যাবে। তারপরও প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে জামিন দেওয়ার সুযোগ রয়েছে। তাঁর মক্কেল প্রায় দুই বছর ধরে কারাগারে।

যেকোনো শর্তে তৌফিক–ই–ইলাহীর জামিন চান উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। তিনি বিদেশ যেতে পারবেন না। গণমাধ্যমে কথা বলতে পারবেন না। এ রকম যেকোনো শর্তে তৌফিক–ই–ইলাহীকে জামিন দিতে পারেন ট্রাইব্যুনাল।

শুনানিতে তৌফিক–ই–ইলাহীর আইনজীবী মোস্তাফিজুর রহমান আরও বলেন, যেসব আসামির বয়স ৮০ বছরের ওপরে, তদন্ত করতেও সময় নিচ্ছে; সেসব আসামিকে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারেন।

তখন প্রসিকিউশন জানায়, আগামী ১৫ দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আসামি তৌফিক-ই-ইলাহী বলেন, এর আগের জামিন শুনানিতে প্রসিকিউশন বলেছিল, এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে। এখন আবার সময় চাওয়া হয়েছে। আবার সময় না দিয়ে যা সিদ্ধান্ত দেওয়ার দিয়ে দেন।

ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর তৌফিক–ই–ইলাহীর পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন।

Read full story at source