মিরসরাইয়ে এলইডি লাইট তৈরির কারখানা করবে বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোলেট

· Prothom Alo

এলইডি পণ্য উৎপাদনের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী এ কারখানায় প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

Visit extonnews.click for more information.

এ নিয়ে ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও ইকোলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং সদস্য আবদুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নতুন এই কারখানা চালু হলে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক পণ্য উৎপাদনের একটি খাত উন্মোচিত হবে।

বার্ষিক উৎপাদন ও রপ্তানি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকোলেট (প্রাইভেট) লিমিটেড জানায়, এ কারখানায় বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইট তৈরি করা হবে। কারখানায় উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

পোশাক খাতের বাইরে প্রযুক্তিনির্ভর এই শিল্প উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছে বেপজা। সংস্থাটি জানায়, এই প্রকল্পের মাধ্যমে অন্তত ৩০৬ বাংলাদেশি নাগরিকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এই বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, প্রচলিত তৈরি পোশাক খাতের বাইরে উচ্চ মূল্যের ও প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনে জোর দিচ্ছে বেপজা। মিরসরাই বেপজা ইজেডে এই এলইডি কারখানা স্থাপন দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।

Read full story at source