মালয়েশিয়ায় গিয়ে ভুলেও এই কাজ করবেন না

· Prothom Alo

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না। পথচারী একজনকে জিজ্ঞেস করলেন, ‘ওষুধের দোকানটা কোন দিকে?’ লোকটি পথ চেনেন। তাই স্বাভাবিকভাবেই ডান হাতের চারটি আঙুল ভাঁজ করে, বুড়ো আঙুল দিয়ে একটি দিক দেখিয়ে বললেন, ‘এদিকে।’

Visit somethingsdifferent.biz for more information.

প্রথমে হয়তো খেয়াল করবেন না, কেন তিনি তর্জনী দিয়ে নির্দেশ না করে বুড়ো আঙুল ব্যবহার করলেন। কিন্তু মালয়েশিয়ায় অবস্থান করলে অল্প সময়ের মধ্যেই বিষয়টি আপনার চোখে পড়বে—পথ দেখাতে কিংবা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে ইঙ্গিত করতে সেখানে তর্জনীর বদলে বুড়ো আঙুল ব্যবহার করা হচ্ছে।

আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এমনটা করা হচ্ছে?

বাংলাদেশে তর্জনী তুলে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে নির্দেশ করা খুবই স্বাভাবিক। কিন্তু মালয়েশিয়ায় কাউকে বা কোনো কিছুকে তর্জনী দিয়ে দেখানোকে অভদ্র আচরণ হিসেবে বিবেচনা করা হয়।

মালয়েশিয়ায় কাউকে বা কোনো কিছুকে তর্জনী দিয়ে দেখানোকে অভদ্র আচরণ হিসেবে বিবেচনা করা হয়

ইউনিভার্সিটি অব নটিংহামের ওয়েবসাইটে মালয়েশিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন সামাজিক রীতি ও আচরণ সম্পর্কে বলা হয়েছে। সেখানে তর্জনী দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে নির্দেশ না করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এর পেছনে রয়েছে স্থানীয় সাংস্কৃতিক রীতি ও ভদ্রতার ধারণা। বিশেষ করে মালয় সংস্কৃতিতে কারও দিকে সরাসরি আঙুল তোলা আক্রমণাত্মক, অসম্মানজনক বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। তাই কাউকে বা কোনো কিছুকে দেখানোর সময় তর্জনীর বদলে খোলা হাত ব্যবহার করাই বেশি ভদ্র বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে ডান হাতের বুড়ো আঙুলও ব্যবহার করা হয়।

সম্প্রতি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার মাসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বাংলাদেশের মুনিয়া ইসলাম। কুয়ালালামপুরে কোনো বস্তু, দিক বা স্থান নির্দেশ করার সময় তর্জনী ব্যবহারের ক্ষেত্রেও তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে। পরে বুঝতে পেরেছেন, এখানকার রীতি ভিন্ন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিনের অভ্যাস। এখনো বুড়ো আঙুল দিয়ে কিছু নির্দেশ করার ক্ষেত্রে মাঝেমধ্যে ভুল হয়ে যায়।’

এই দেশে কারাগার আছে একটি, বন্দী মাত্র ১১ জন—সবাই বিদেশি নাগরিক

শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে তর্জনী দিয়ে কাউকে বা কোনো কিছুকে দেখানোকে অসৌজন্যমূলক মনে করা হয়। এমনকি এ ধরনের সাংস্কৃতিক সংবেদনশীলতার কথা মাথায় রেখে ডিজনির পার্কগুলোর কর্মীদেরও তর্জনী দিয়ে কোনো কিছু দেখানো এড়িয়ে চলার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রয়োজন হলে তাঁরা দুই আঙুল ব্যবহার করেন।

ভ্রমণের সময় এ ধরনের ছোটখাটো সাংস্কৃতিক রীতিনীতি জানা থাকলে অনিচ্ছাকৃত ভুল এড়ানো যায়। বিদেশে নিজের দেশের স্বাভাবিক অঙ্গভঙ্গি সব জায়গায় একইভাবে ব্যবহার না করে স্থানীয়দের আচরণ লক্ষ করাও ভালো। মালয়েশিয়ায় তাই কাউকে বা কোনো কিছুকে দেখানোর প্রয়োজন হলে তর্জনী ব্যবহার না করে খোলা হাত বা ডান হাতের বুড়ো আঙুল ব্যবহার করুন।

বড়শিতে উঠল ৭৬ কেজি ওজনের মাছ

Read full story at source