বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬–এ এমআইএসটির সাফল্য
· Prothom Alo

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ঢাকার নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশের ৭৩টির বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এ আয়োজনে তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ৫০টি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শনের জন্য উপস্থাপিত হয়। এর মধ্যে এমআইএসটির ৬টি প্রকল্প স্থান পায়, যা একক কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অংশগ্রহণ। আরও গৌরবের বিষয় হলো, এমআইএসটির দুটি প্রকল্প সেরা ১০-এর মধ্যে স্থান করে নেয়, যা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য। সেরা ১০-এ স্থান পাওয়া এমআইএসটির প্রকল্প দুটি হলো ‘Water Repellent Jute Fabric’ এবং ‘Voice Assist Device’।
Visit turconews.click for more information.
এ দুটি প্রকল্পের উদ্ভাবকদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়। ‘Water Repellent Jute Fabric’ প্রকল্পের মাধ্যমে পাটের তৈরি শপিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মোবাইল ক্যারিয়ারসহ বিভিন্ন ব্যবহার্য পণ্যে পরিবেশবান্ধব জলরোধী প্রলেপ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।
‘Voice Assist Device’ প্রকল্পটি কথা বলার অক্ষম, বিশেষ করে অটিজমে আক্রান্ত শিশুদের দৈনন্দিন প্রয়োজন সহজে প্রকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ এমআইএসটির এ সাফল্য দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন।
একই সঙ্গে এ অর্জন এমআইএসটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে এবং জাতীয় উন্নয়নে প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।