আজ আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত
· Prothom Alo

মহাকাশপ্রেমীদের জন্য চাঁদ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর বিশ্বজুড়ে উদ্যাপিত আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত হিসেবে একটি দিবস পালন করা হয়। এদিন পালনের মাধ্যমে আমাদের প্রাকৃতিক উপগ্রহ সম্পর্কে সবার মধ্যে আগ্রহ তৈরির সুযোগ হয়।
আজ ১৯ সেপ্টেম্বর, আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত উদ্যাপিত হবে। প্রথম পক্ষের চাঁদের সময় এই মহাকাশীয় আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদ সন্ধ্যার আকাশে খুব সহজে দৃশ্যমান থাকে। চাঁদের দিন ও রাতের সীমানা বা টার্মিনেটরে দীর্ঘ ছায়া পড়ার কারণে গহ্বর ও পাহাড়ি অঞ্চলগুলো স্পষ্টভাবে দেখা যায়। নাসার তথ্য অনুযায়ী, এই বিশ্বব্যাপী উৎসবের মূল লক্ষ্য হলো চন্দ্র পর্যবেক্ষণ এবং বিজ্ঞান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। নাসার আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদের বুকে মানব অভিযানের প্রস্তুতি চলায় চন্দ্র নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ দলবদ্ধভাবে কিংবা ঘরে বসেই এই উৎসবে অংশ নিতে পারেন।
Visit afnews.co.za for more information.
খালি চোখে, বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে ঘরে বসেই চাঁদ পর্যবেক্ষণ করার চমৎকার সুযোগ রয়েছে। নাসার লুনার রিকনসানাউন্স অরবিটার এবং আর্টেমিস মিশনের তোলা চন্দ্রপৃষ্ঠের ছবিগুলো এই উৎসবে বিশেষ মাত্রা যোগ করে। থ্রি–ডি প্রিন্টারের সাহায্যে অ্যাপোলো ১১ মিশনের ঐতিহাসিক ল্যান্ডিং সাইটের মডেল তৈরি করা যায়।
নাসার ভাষ্যে, মানুষের কৌতূহলী মন চিরকাল মহাকাশের রহস্য উন্মোচনে উন্মুখ হয়ে থাকে। এই বৈশ্বিক আয়োজনের মূল লক্ষ্য হলো চন্দ্র পর্যবেক্ষণ এবং মহাকাশ অনুসন্ধান নিয়ে বিশ্ববাসীকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মানুষ খুব সহজেই মহাকাশবিজ্ঞানের প্রাথমিক পাঠ নিতে পারে। নাসার চান্দ্রবিজ্ঞান এবং চলমান গবেষণা প্রোগ্রামগুলো সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে চাঁদ নিয়ে মানুষের তৈরি গল্প, ছবি এবং শিল্পকর্মগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া সহজ হয়। মহাকাশপ্রেমীরা এই বিশেষ দিনে দলবদ্ধভাবে বা একা নিজ ঘরে বসে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চাঁদ পর্যবেক্ষণ মানুষকে কেবল মহাকাশ নয়, একই সঙ্গে নিজের চারপাশের পৃথিবী ও আকাশের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলে।
তো সন্ধ্যার আকাশে যে চাঁদ দেখবেন, তার ছবি তুলে নাসার কাছে পাঠিয়ে দিন আর যুক্ত হন চাঁদ দেখার অনাবিল আনন্দের যাত্রায়।
সূত্র: স্পেস ডটকম