ভিডিও গেম খেলে ৭৮ বছরের নারীর রেকর্ড
· Prothom Alo
ভিডিও গেম ভালোবাসেন আর ‘ফোর্টনাইট’ চেনেন না, এমন মানুষ হয়তো কমই আছেন। বলা চলে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমগুলোর মধ্যে একটি ফোর্টনাইট। এই গেম খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাথ বোয়ি। অবাক করা বিষয় হলো, তাঁর বয়স ৭৮ বছর।
Visit afsport.lat for more information.
এই বয়সের কারণেই বিশ্ব রেকর্ডের খেতাব পেয়েছেন ক্যাথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী ফোর্টনাইট খেলোয়াড়। ক্যাথ গেমটি খেলা শুরু করেছিলেন ২০১৭ সালে। গেমটিতে তাঁর নাম ‘গ্রাম্পিগ্রান১৯৪৮’। সেখানে তাঁর ২৪ হাজারের বেশি অনুসারী রয়েছে।
ফোর্টনাইট গেমটি চালু হয়েছিল ২০১৭ সালে। এটি লড়াই করে টিকে থাকার একটি গেম। এতে অনলাইনে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় যুক্ত হতে পরেন। মারামারি করে যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন, তিনিই বিজয়ী হন। বর্তমানে দিনে ১২ লাখ থেকে ১৪ লাখ খেলোয়াড় অনলাইনে ফোর্টনাইট খেলে থাকেন।
ক্যাথের বাড়ি স্কটল্যান্ডে। এর আগেও গেম খেলেছেন তিনি। তবে অতটা আগ্রহ পেতেন না। পরে ফোর্টনাইটের সঙ্গে তাঁর পরিচয় হয় ১৭ বছর বয়সী নাতির মাধ্যমে। একপ্রকার প্রেমেই পড়ে যান গেমটির। ক্যাথ বলেন, ‘সঙ্গে সঙ্গে গেমটি আমার নজর কেড়ে নেয়। সত্যি কথা হলো, গেম খেলার জন্য কোনো বয়সই বেশি নয়।’
ক্যাথ যে এত দিন গেমটি খেলবেন আর এতটা জনপ্রিয় হবেন, তা প্রথম দিকে ভাবতে পারেনি তাঁর নাতি। ক্যাথ বলেন, ‘ও ছোট একটি ছেলে। সে তো কিছুতেই বিশ্বাস করছিল না যে তার দাদি এমন কিছু করতে পারে। বলেছিল, কেউ আমার সঙ্গে খেলবে না। এতেই আমার জিদ চেপে যায়। ওকে দেখাতে চেয়েছিলাম, আমিও পারি।’
ক্যাথ যাঁদের সঙ্গে গেমটি খেলেন, তাঁদের সঙ্গে ভালো একটি সম্পর্কও গড়ে উঠেছে। তাঁর ভাষায়, ‘আমি দারুণ কিছু মানুষের সঙ্গে খেলি। অনেকেই যুক্তরাজ্যের। কেউ কেউ যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এই মানুষগুলোর সঙ্গে পরিচয় হওয়াটা দারুণ।’