ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

· Prothom Alo

টম ব্যান্টনের ঝড়ো ১০৫ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। তাতে ভর করেই ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিল স্বাগতিকেরা।

ব্যাটিংয়ে নেমে ব্যান্টনের ক্যারিয়ার সেরা ইনিংসের পাশে অবদান রেখেছেন অধিনায়ক হ্যারি ব্রুক ও ফর্মে থাকা জর্ডান কক্স। ব্রুক ৬৬ বলে ৭৭ এবং কক্স ৫২ বলে ৭৬ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দিলহারা ফার্নান্দো নেন ৫২ রানে ৩ উইকেট, যার শেষ দুটি আসে ইনিংসের শেষ দুই বলে।

Visit freshyourfeel.org for more information.

৩৫৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের অষ্টম বলেই পাতুম নিশাঙ্কাকে (১) উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে নিজের প্রথম ওয়ানডে উইকেটের স্বাদ নেন সনি বেকার।

এরপর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক কুশল মেন্ডিস ২৬ বলে ৩৫ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও ওপাশের ধসে ৩৬ রান ১ উইকেটে থাকা দলটির স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৮২ রান। এর মাঝে পবন রত্নায়েকের (১৮) রানআউট নিয়ে খানিকটা নাটক তৈরি হয়েছিল। আর্চারের সরাসরি থ্রো স্টাম্প ভাঙার আগেই জর্ডান কক্স বেল ফেলে দেওয়ায় কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই বহাল থাকে।

শেষ দিকে লিয়াম ডসন (৩/১৭) ও গাস অ্যাটকিনসনের (২/২৬) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এই জয়ে ঘরের মাঠের গ্রীষ্মকালীন মৌসুমটা দুর্দান্তভাবে শেষ করল ইংল্যান্ড। সর্বশেষ ১৪টি সীমিত ওভারের ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে ইংলিশরা।

Read full story at source