৬৯ বছর বয়সে সাইকেলে পৃথিবী চক্কর দিলেন

· Prothom Alo

ক্যানসারে হারান স্ত্রীকে। ২৫ বছরের জীবনসঙ্গীকে হারানোর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নামেন ৬৯ বছর বয়সী মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং প্রবীণদের অনুপ্রাণিত করতে তিনি পুরো পৃথিবী একবার চক্কর দেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন কানাডিয়ান এই সাইক্লিস্ট। এই সুবাদে সাইকেলে পৃথিবী চক্কর দেওয়া সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব এখন তাঁর।

Visit turconews.click for more information.

আগের এ রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেটের।

মার্কের এই অভিযানের উদ্দেশ্য শুধু রেকর্ড গড়া ছিল না, তিনি ক্যানসার গবেষণার জন্য তহবিলও সংগ্রহ করেছেন। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য তিনি প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ করতে পেরেছেন।

স্ত্রী জ্যাকি সম্পর্কে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মার্ক বলেন, ‘জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।’ ২০২১ সালে ৫৫ বছর বয়সে জ্যাকি মারা যান। তার আগে সাত বছর তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০২৫ সালের ৮ জানুয়ারি যাত্রা শুরু করেন মার্ক। ৩২৪ দিন সাইকেল চালিয়ে একই বছরের ২৭ নভেম্বর তিনি ব্যাংককে যাত্রা শুরুর স্থানে ফিরে আসেন। এই পথ পাড়ি দিতে তাঁকে ২৫টি দেশ অতিক্রম করতে হয়েছে। যাত্রাপথে প্রয়োজনীয় জিনিস ছাড়াও স্ত্রী জ্যাকির চিতার ছাই তাঁর সঙ্গে ছিল। জ্যাকি যেখানে যেখানে যেতে চেয়েছিলেন, তিনি সেখানে সেখানে সেই ছাই ছড়িয়ে দিয়েছেন।

মার্ক জানান, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সড়ক পাড়ি দেওয়ার সময় মার্ক সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন। মালয়েশিয়ায় পুলিশ তাঁকে এসকর্ট প্রদান করেছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ায় এক নারী তাঁকে তাঁর ক্যাফেতে রাতে থাকতে দিয়েছেন। বহু সাধারণ মানুষ তাঁর জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন, খাবার দিয়েছেন। এসব অভিজ্ঞতা তাঁর যাত্রাকে বিশেষ করে তুলেছে।

Read full story at source