নিউমুরিং টার্মিনাল নিয়ে চুক্তি বাতিল না হলে সার্বভৌমত্ব খর্ব হবে: রুহিন হোসেন

· Prothom Alo

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। তিনি বলেছেন, জনমত উপেক্ষা করে এ ধরনের চুক্তি করা হলে দেশের ওপর বিদেশি আধিপত্য বাড়বে এবং তা জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করবে।

আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন। সিপিবির পল্টন থানা শাখা এ সমাবেশের আয়োজন করে।

Visit moryak.biz for more information.

১ অক্টোবর চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে একটি খসড়া চুক্তি অনুমোদনের কথা অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ প্রসঙ্গে সমাবেশে রুহিন হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। এখানে দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকলে তা দূর করার পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আধুনিক যন্ত্রপাতি কেনা এবং পরিচালনার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনা যেতে পারে। কিন্তু পুরো পরিচালনার দায়িত্ব বিদেশিদের দিয়ে দেশের সার্বভৌমত্ববিরোধী কোনো অবস্থান নেওয়া যাবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সিপিবির এই নেতা বলেন, দেশ আজ উগ্র দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ও সাম্রাজ্যবাদের দাসত্বের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। এরা অর্থনীতি ও রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আবারও অগণতান্ত্রিক শাসনের ফাঁদে ফেলতে চায়। এ অবস্থায় দেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সিপিবির পল্টন শাখার নেতা রফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদীব সাহা, পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল, সহসম্পাদক রবিউল ইসলাম এবং বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।

Read full story at source