সাফারি পার্কের চুরি হওয়া লেমুর ফিরিয়ে আনার বিষয়ে তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী
· Prothom Alo

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর ভারতের একটি বেসরকারি চিড়িয়াখানায় থাকার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তদন্ত শেষ হলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Visit extonnews.click for more information.
গতকাল শুক্রবার দুপুরে দাপ্তরিক সফরের অংশ হিসেবে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন মন্ত্রী। বেলা দুইটার দিকে পরিদর্শন শুরু করে সাড়ে তিনটার দিকে তিনি শেরপুরের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ভারতের চিড়িয়াখানায় থাকা লেমুর ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘লেমুর আনার ক্ষেত্রে সমস্যা আছে। আবার এটা যে ওখানে চলে গেল কেমনে, এটাও বুঝলাম না।’
আবদুল আউয়াল আরও বলেন, ‘এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন (তদন্ত) চলতেছে। আমরা আশা করি, যখন ইনভেস্টিগেশন শেষ হবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। কারণ, এটা তো দুইটা দেশের ভেতরে ইনভলভ হয়ে গেছে। একটু সময় লাগবে, যখন আমাদের ইনভেস্টিগেশন শেষ হবে, এটা নিয়ে যথাবিহিত ব্যবস্থা নেওয়া হবে।’
সাফারি পার্কে চুরি হওয়া ২ লেমুর ভারতে, ডিএনএ প্রোফাইল না থাকায় জটিলতা৯ বছর ধরে বন্দী এক জোড়া লেপার্ডের বিষয়ে বন বিভাগের সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এগুলো সবই করার চিন্তাভাবনা আছে। সে জন্যই আমার সাফারি পার্ক পরিদর্শন করছি।’
পার্কের জরাজীর্ণ অবকাঠামো সম্পর্কে আবদুল আউয়াল বলেন, ‘আমরা যখন একটা সাফারি পার্ক করছি, আমাদের আইডিয়াটা হলো এটা যেন খুব ভালোভাবে চলে। সেটার জন্য যে সমস্যাগুলো আছে, তা নিয়ে আমরা ঢাকাতে ফেরত গিয়ে মিটিং করব। মিটিং করে যে সমস্যাগুলো সব শুনে এগুলি সমাধানের চেষ্টা করব।’
লেমুর চুরির ঘটনায় ফেসবুকে যে ব্যাখ্যা দিয়েছে ভারতের বনতারা কর্তৃপক্ষগাজীপুরের বিভিন্ন বনে অবাধে বর্জ্য ফেলা বন্ধের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে অলরেডি আমরা চিঠি লিখছি। এটা নিয়ে আমি নিজেই অ্যাডমিনিস্ট্রেটরদের (প্রশাসকদের) সঙ্গে কথা বলছি। পুরো বাংলাদেশে এই মুহূর্তে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয় নাই।’
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ সম্পর্কে আবদুল আউয়াল বলেন, ‘যেমন ঢাকাতে শুরু হচ্ছে, ঢাকাতে আমিনবাজারে অলরেডি (ইতিমধ্যে) ওয়েস্ট টু এনার্জি (বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন) একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে চাইনিজ ইনভেস্টমেন্টে (চীনা বিনিয়োগে)। আমাদের ঢাকা দক্ষিণে ওয়েস্ট টু ভ্যারিয়াস রিসোর্সেস (বর্জ্য থেকে বিভিন্ন সম্পদ উৎপাদন) অলরেডি কাজ আরম্ভ হইছে। এখন আমরা ডিস্ট্রিক্ট, টাউন এবং উপজেলা টাউনগুলোতে আমরা শুরু করব।’