ইউরোপের ছয় দেশে ঘুরে বাড়িতে ফিরতেই মৃত্যু
· Prothom Alo

ঠিকাদার আবদুল হাছিব (৫২) দুজন সহকর্মীর সঙ্গে ইউরোপের ছয়টি দেশ ভ্রমণ করে আজ শনিবার সকালে বাসায় ফেরেন। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।
Visit palladian.co.za for more information.
আবদুল হাছিব মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা মৃত আকুল মিয়ার জ্যেষ্ঠ ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন। পার্শ্ববর্তী কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় একটি বাসায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। বিয়ের চার বছর অতিবাহিত হলেও তাঁদের কোনো সন্তান নেই।
আবদুল হাছিবহাছিবের সহকর্মী কুলাউড়ার বাসিন্দা সোহেল আহমেদ বলেন, তাঁরা দুজনসহ কুলাউড়ার প্রথম শ্রেণির ঠিকাদার মুহিবুর রহমান ভিসা নিয়ে ইউরোপ ভ্রমণে যান। ২৩ সেপ্টেম্বর একসঙ্গে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা ইউরোপে যাত্রা শুরু করেন। এ সময় তাঁরা নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। ৭ অক্টোবর দেশে ফেরেন। এরপর ঢাকায় কিছু কাজ সেরে আজ শনিবার বেলা ১০টার দিকে প্রাইভেট কারে করে তিনজন কুলাউড়ায় পৌঁছান।
হাছিবকে তাঁর বাসায় নামিয়ে অপর দুজন নিজেদের বাসায় যান বলে জানান সোহেল। তিনি বলেন, বেলা দেড়টার দিকে হাছিবের স্বজনেরা মুঠোফোনে জানান, বিশ্রামের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মৌলভীবাজার জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। এর কিছু সময় পর মৃত্যুর খবর পান। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান হাছিব, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলীম বলেন, আবদুল হাছিব এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ছয়টায় কুলাউড়া পৌর শহরের লস্করপুর শাহি ঈদগাহ মাঠে হাছিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার বেলা ১১টায় নিজের এলাকা বিরইনতলা কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে।