বরগুনা থেকে জাল নোটের চালান নিয়ে এসে ময়মনসিংহে পুলিশের জালে চারজন
· Prothom Alo

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন স্থানীয় আর দুজন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। পুলিশের ধারণা, স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে সমন্বয় করে জাল নোটগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়।
Visit mchezo.life for more information.
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদ (২৫) আর বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের মোস্তফা ফকির (৪৮) ও মেনেপাড়া গ্রামের ইসমাইল বিশ্বাস (৪৯)।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, আগে থেকেই পুলিশের কাছে এ ধরনের একটি দলের আসার বিষয়ে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় দুই ব্যক্তি ও বরগুনা থেকে আসা দুজনকে একসঙ্গে আটক করা হয়। তাঁরা স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে সমন্বয় করে জাল নোটের কারবার করার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, স্থানীয় দুই ব্যক্তির বাড়িতে জাল নোট তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। বরগুনার দুই ব্যক্তি কোথাও জাল নোট তৈরির যন্ত্রপাতি ব্যবহার করেন কি না, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের নাম-পরিচয়ও সংশ্লিষ্ট থানার মাধ্যমে যাচাই করা হচ্ছে।
এই চক্র আগে ফুলবাড়িয়ায় এসে জাল নোট ছড়িয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান ওসি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।