দশমীতে বাঙালি সাজের অনুপ্রেরণা হতে পারে সেমন্তীর এই লুক

· Prothom Alo

অষ্টমী পেরিয়ে আজ নবমী, আগামীকাল বিজয়া দশমী। শেষ মুহূর্তের উৎসবের সাজে যাঁরা সাবেকি বাঙালি রূপ বেছে নিতে চান, তাঁদের জন্য সেমন্তী সৌমীর এই সাবেকি লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।

Visit newssport.cv for more information.

অভিনয়জগতে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা মেলে তাঁর নানা আকর্ষণীয় সাজের ছবি।

বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা। ঢাকের শব্দ আর শিউলি ফুলের সুবাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। এই আনন্দে শামিল হয়েছেন ঢাকাই শোবিজের তারকারাও।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে পূজার বিশেষ সাজের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সেমন্তী। ঐতিহ্যবাহী শাড়ি আর গয়নায় তাঁর সাবেকি সাজ নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

সেমন্তীর পরনে লাল পাড়ের ক্রিম-সাদা বেনারসি শাড়ি। শাড়ির জমিনজুড়ে রয়েছে সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ। সাবেকি এই শাড়ির সঙ্গে লাল রঙের ভারী এমব্রয়ডারি করা ব্লাউজ পরেছেন তিনি।

শাড়ি পরার ধরনেও রেখেছেন বাঙালির চিরচেনা আটপৌরে আমেজ। লাল-সাদার সঙ্গে সোনালি কারুকাজের সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে উৎসবের ঐতিহ্যবাহী রূপ।

গয়নার বাছাইয়েও ছিল আভিজাত্যের ছাপ। গলায় পরেছেন মুক্তা ও সোনার চোকারের সঙ্গে একটি রানি হার।

কানে গোলাকার সোনালি স্টাড দুল, দুই হাতে লাল-সোনালি চুড়ি আর কোমরে সোনালি চেইনের লেয়ার করা বিছা—সব মিলিয়ে সাজে যোগ হয়েছে জমকালো আবহ।

মেকআপেও সেমন্তী বেছে নিয়েছেন উৎসবের উপযোগী রং।

ধূসর-নীল লেন্স পরা চোখে সোনালি-ব্রোঞ্জ রঙের ঝলমলে আইশ্যাডো, সঙ্গে টানা আইলাইনার ও মাসকারা দেওয়া ঘন পাপড়ি।

গালে গোলাপি-পিচ ব্লাশ এবং নাক ও গালে হালকা হাইলাইটারের ছোঁয়াও আছে তাঁর সাজে। ঠোঁটে মেরুন লিপস্টিক আর কপালে ছোট্ট লাল টিপ তাঁর সাজে এনেছে পরিপূর্ণতা।

চুল সেমি-কার্ল করে হাফ-আপডু স্টাইলে ছেড়ে রেখেছেন অভিনেত্রী।

চুলে রয়েছে মুক্তার অলংকরণ। তবে সাজের বিশেষ আকর্ষণ তাঁর হাতের আলতা।

দুই হাত আলতায় রাঙিয়ে নিয়েছেন তিনি, যা মনে করিয়ে দেয় বাংলার পূজা-পার্বণের চিরায়ত ঐতিহ্য।

বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন সেমন্তী। তাঁর প্রকাশিত ছবিগুলোতে ভক্ত-অনুরাগীরাও জানাচ্ছেন শারদীয় শুভেচ্ছা।

অষ্টমী পেরিয়ে আজ নবমী, আগামীকাল বিজয়া দশমী। শেষ মুহূর্তের উৎসবের সাজে যাঁরা সাবেকি বাঙালি রূপকে প্রাধান্য দিতে চান, তাঁদের জন্য সেমন্তী সৌমীর এই বেনারসি শাড়ি, গয়না আর আলতায় রাঙানো হাত হতে পারে অনুপ্রেরণা।

Read full story at source