জন্মদিনে শিউলি ফুলের থিম,পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ
· Prothom Alo

২৪ অক্টোবর ছিল চিত্রনায়িকা পরীমণির ৩৪তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের সানসেট বিনস রেস্তোরাঁয় বন্ধু ও কাছের মানুষদের নিয়ে আড্ডার আয়োজন করেন তিনি। আয়োজনের নাম ‘শিউলি-সন্ধ্যা’। অক্টোবরের শরৎ আর শিউলি ফুলের মায়া মিলিয়েই সাজিয়েছেন নিজের বিশেষ দিনটি।
Visit grenadier.co.za for more information.
ফেসবুকে পরীমণি লিখেছিলেন, ‘২ মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টায়!’ সেই পোস্টেই যেন পাওয়া গিয়েছিল এবারের জন্মদিনের আয়োজনের আভাস। ফুলের প্রতি ভালোবাসা থেকে শিউলিকে কেন্দ্র করে সাজের যে পরিকল্পনা, সেটার প্রতিফলনও দেখা গেল তাঁর সাজ–পোশাকে।
এবারের জন্মদিনে পরীমণি বেছে নিয়েছিলেন স্যাটিনের কমলা শাড়ি। শাড়ির জমিন জুড়ে হাতে আঁকা সাদা শিউলি ফুলের মোটিফ। কমলা জমিনে সাদা ফুলের নকশা তৈরি করেছে দারুণ বৈপরীত্য।
শাড়িটি নিজেই নকশা করেছেন পরীমণি। তাঁকে সহযোগিতা করেছেন রুহুল আমিন। সঙ্গে মানানসই ফুলহাতা স্টেটমেন্ট ব্লাউজ বেছে নিয়েছেন।
জমকালো ব্লাউজে আলাদা করে নজর কাড়ছে কমলা সিকুইনের কাজ। সাদার উজ্জ্বলতা আর কমলার উষ্ণতা মিলিয়ে তৈরি হয়েছে ভিন্ন এক আবেদন।
পরীমণির এই লুকের মেকআপ করেছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার। গ্ল্যামারাস অথচ পরিপাটি সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। গালে হালকা গোলাপি ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়ায় এসেছে কোমল আভা।
চোখের সাজে প্রাধান্য পেয়েছে সোনালি আইশ্যাডো, কালো আইলাইনার ও আইল্যাশ। সুন্দর করে আঁকা ভ্রু চোখের সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। ঠোঁটে উষ্ণ টেরাকোটা-ন্যুড গ্লসি লিপকালার আর কপালে ছোট্ট কমলা টিপ—দুটিই মানিয়ে গেছে শাড়ির রঙের সঙ্গে।
চুলে মাঝখানে সিঁথি করে সামনের দুই পাশে কার্ল ছেড়ে দিয়েছেন পরীমণি। পেছনের চুল বেঁধেছেন হাফ-আপডু স্টাইলে।
শাড়ির সঙ্গে জুয়েলারির জন্য বেছে নিয়েছেন ডায়মন্ড হাউসের জুয়েলারি। পোশাকের উজ্জ্বলতা ও জন্মদিনের আমেজের সঙ্গে মানানসই এই জুয়েলারি সাজে যোগ করেছে আভিজাত্য।
সব মিলিয়ে কমলা, সাদা আর শিউলি ফুলের থিমে তৈরি হয়েছে পরীমণির জন্মদিনের বিশেষ লুক। তাঁর সাজে বরাবরই থাকে নিজস্বতার ছাপ। এবারও শুধু পোশাক বেছে নেওয়াতেই থেমে থাকেননি; শাড়ির নকশায় যুক্ত করেছেন নিজের ভাবনা। জন্মদিনের আয়োজনের নাম থেকে শুরু করে পোশাকের ফুলেল নকশা—সবকিছুতেই রয়েছে একই ভাবনার ছোঁয়া। আর এখানেই পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ।
ছবি: এম এইচ বিপু ফটোগ্রাফি