যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিপুলসংখ্যক বাদুড় মারা যাচ্ছে যে কারণে

· Prothom Alo

যুক্তরাষ্ট্রে প্রতিবছর আগের তুলনায় অনেক বেশি বাদুড় মারা যাচ্ছে। ২০০৩ সালে পশ্চিম ভার্জিনিয়ার এক পাহাড়ে নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্রে কয়েক হাজার মৃত বাদুড় উদ্ধারের পর থেকে বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৮১ থেকে ২০২৪ সালের মধ্যে বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিশাল টারবাইনের কারণে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ বাদুড়ের মৃত্যু হয়েছে।

Visit rouesnews.click for more information.

বিজ্ঞানীদের তথ্যমতে, ২০ বছর আগে প্রতিবছর প্রায় ১ লাখ বাদুড় মারা যেত। তবে ২০২১ সালে বায়ুবিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এই মৃত্যুর সংখ্যা বছরে ১৫ লাখে পৌঁছেছে। গত চার দশকে বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের আঘাতে মৃত্যু হওয়া বাদুড়ের সংখ্যা ২০০৬ সালে উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়া মারণ ছত্রাকজনিত রোগ হোয়াইট-নোজ সিনড্রোমের ক্ষতির প্রায় সমান। ব্যাট কনজারভেশন ইন্টারন্যাশনালের প্রধান বিজ্ঞানী উইনিফ্রেড ফ্রিক এ তথ্যকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী ও গবেষণার জ্যেষ্ঠ লেখক বেথানি ফ্রিড জানান, অ্যাপালেচিয়ান পর্বতমালা অঞ্চলটি বাদুড় মৃত্যুর বড় হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। ২৭৭টি কেন্দ্রের ৪৯৯টি প্রতিবেদন বিশ্লেষণ করে তৈরি করা মডেল থেকে জানা গেছে, নদীর কাছাকাছি এবং পুরোনো খনির প্রবেশপথের কাছে তৈরি উইন্ড ফার্মগুলোতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ ছাড়া বড় ব্লেড যুক্ত টারবাইন এবং মাটির কাছাকাছি ঘূর্ণমান ব্লেড বাদুড়ের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক মৃত্যুর ৮৯ শতাংশই পরিযায়ী প্রজাতির বাদুড়। এদের মধ্যে হোয়ারি ব্যাট অন্যতম। আমেরিকান ক্লিন পাওয়ার অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র জানান, বায়ুবিদ্যুতের শিল্প খাত বাদুড়ের ঝুঁকি সম্পর্কে সচেতন এবং সংরক্ষণ ব্যবস্থা বাড়াতে কাজ করছে।

বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের কারণে বাদুড় কমে গেলে তা কেবল তাদের প্রজাতির ওপর নয়, একই সঙ্গে কৃষি খাতেও ক্ষতিকর প্রভাব ফেলবে। কারণ, পোকামাকড়খেকো বাদুড় কমে গেলে কৃষকদের ক্ষতিকর কীটনাশক ব্যবহার বাড়াতে হয়। ইউরোপের বায়ুবিদ্যুৎকেন্দ্রের তথ্যের ওপর ভিত্তি করে জার্নাল অব অ্যাপ্লাইড ইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বাদুড়ের উড্ডয়ন উপযোগী সময়ে উইন্ড টারবাইন বন্ধ রাখলে ৮০ শতাংশের বেশি বাদুড়ের মৃত্যু রোধ করা সম্ভব। তাই যুক্তরাষ্ট্রে সব ধরনের বাদুড় রক্ষায় সরকারিভাবে সমন্বিত নীতিমালা করার জন্য আহ্বান জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা।

সূত্র: সায়েন্স ডট অর্গ

Read full story at source