কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

· Prothom Alo

কানাডার অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (৩ বছরে ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করা হবে। একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।

Visit mwafrika.life for more information.

গত ৫ নভেম্বর দেশটি এ ঘোষণা দিয়েছে।

নতুন পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ। এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা

২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অর্থনৈতিক অভিবাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী তিন বছরে মোট স্থায়ী বাসিন্দাদের ৬৪ শতাংশের বেশি অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কানাডা অভিবাসন পরিকল্পনায় ২০২৭-২৯ সালে প্রতিবছর ৩ দশমিক ৮ লাখ স্থায়ী বাসিন্দা এবং ৩ দশমিক ৭ লাখ অস্থায়ী বাসিন্দা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে থাকা ২ লাখ অস্থায়ী বাসিন্দার স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ তৈরি করা হবে।

এ পরিকল্পনায় শুধু বিদেশ থেকে নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়ার পাশাপাশি , কানাডায় ইতিমধ্যে কাজ করছেন কিংবা পড়াশোনা করছেন, এমন ব্যক্তিদেরও স্থায়ী বাসিন্দা হিসেবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কানাডার শ্রমবাজারে যেসব খাতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, সেসব খাতে যোগ্য ও অভিজ্ঞ কর্মীদের আকৃষ্ট করা এবং তাঁদের দীর্ঘ মেয়াদে কানাডায় ধরে রাখা।

প্রতিবছর ২ লাখ ২০ হাজার কর্মী ও ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী

নতুন পরিকল্পনায় অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা প্রতিবছর ৩ লাখ ৭০ হাজারে স্থিতিশীল রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রতিবছর ২ লাখ ২০ হাজার নতুন বিদেশি কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।

অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের আগমন নিয়ন্ত্রণের মধ্যে রাখলেও কানাডা তার প্রয়োজনীয় দক্ষ জনশক্তি এবং মেধাবী শিক্ষার্থী আকৃষ্ট করার কার্যক্রম অব্যাহত রাখবে।

সরকারের মতে, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য সরকারি পরিষেবার ওপর চাপ কমানো সম্ভব হবে।

২ লাখ অস্থায়ী বাসিন্দার স্থায়ী হওয়ার বিশেষ সুযোগ

নতুন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে কানাডায় আগে থেকেই বসবাসরত প্রায় ২ লাখ ব্যক্তিকে স্থায়ী বাসিন্দা করার বিশেষ ব্যবস্থা। এ অতিরিক্ত সুযোগ শুধু মাত্র ২০২৭ সালের জন্য । এই উদ্যোগটি দুটি ভাগে বাস্তবায়ন করা হবে।

প্রথম ভাগে ১ লাখ কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে। যাঁরা ইতিমধ্যে কানাডার অর্থনীতিতে অবদান রাখছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ ক্ষেত্রে প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে কাজ করবে ফেডারেল সরকার। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি)-এর আওতায় অতিরিক্ত মনোনয়নের সুযোগ দিয়ে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের বাছাই করা হবে। এ ছাড়া আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামসহ কয়েকটি ফেডারেল অভিবাসন কর্মসূচির অধীন আগে আবেদন করেছেন, এমন কিছু প্রার্থীকেও এই উদ্যোগের আওতায় বিবেচনা করা হতে পারে।

দ্বিতীয় ভাগে আরও ১ লাখ ব্যক্তিকে মানবিক বিবেচনায় স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে। তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন এবং বিভিন্ন মানবিক ও পারিবারিক কারণে স্থায়ী বসবাসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এই উদ্যোগের আওতায় হংকংয়ের স্থায়ী বসবাসের বিশেষ পথ এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির অবশিষ্ট আবেদন নিষ্পত্তির লক্ষ্য রয়েছে। পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় (এইচঅ্যান্ডসি) যোগ্য আবেদনকারীদের বিষয়টিও গুরুত্ব পাবে।

এক্সপ্রেস এন্ট্রিতে দক্ষ কর্মীদের অগ্রাধিকার

কানাডার অর্থনৈতিক অভিবাসন ব্যবস্থায় এক্সপ্রেস এন্ট্রির ভূমিকা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যাটাগরিভিত্তিক নির্বাচনব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট পেশায় অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি এক্সপ্রেস এন্ট্রির বিভিন্ন ফেডারেল অর্থনৈতিক কর্মসূচি এবং কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে।

সরকারের লক্ষ্য, শুধু বেশি সংখ্যক অভিবাসী নেওয়া নয়; বরং যাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা কানাডার অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখতে পারবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া।

ফরাসি ভাষাভাষীদের জন্য বাড়ছে সুযোগ

কুইবেকের বাইরে ফরাসি ভাষাভাষী অভিবাসীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যও নতুন পরিকল্পনায় রাখা হয়েছে। ২০২৯ সালের মধ্যে কুইবেকের বাইরে নতুন স্থায়ী বাসিন্দাদের অন্তত ১২ শতাংশ ফ্রাঙ্কোফোন বা ফরাসিভাষী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশ অভিবাসী ফরাসিভাষী করার পরিকল্পনা রয়েছে।

ফরাসি ভাষাভাষী সংখ্যালঘু সম্প্রদায়কে শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট অঞ্চলে দক্ষ কর্মীর চাহিদা পূরণ করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

প্রদেশ ও গ্রামীণ অঞ্চলে অভিবাসনের সুযোগ বাড়বে

কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের শ্রমবাজারের চাহিদা এক রকম নয়। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে অভিবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে নতুন পরিকল্পনায় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের (এআইপি) আওতায় অভিবাসীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচিকে স্থায়ী করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গ্রামীণ ও আঞ্চলিক সম্প্রদায়গুলো নিজেদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী আকৃষ্ট করতে পারবে।

আবাসন ও জনসংখ্যা বৃদ্ধির চাপ কমানোর লক্ষ্য

কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, আবাসনসংকট এবং সরকারি পরিষেবার ওপর অতিরিক্ত চাপ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। নতুন অভিবাসন পরিকল্পনায় এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমিয়ে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা এবং ২০২৭ সালের পর স্থায়ী বাসিন্দাদের বার্ষিক আগমন কানাডার মোট জনসংখ্যার ১ শতাংশের নিচে রাখা।

সব মিলিয়ে ২০২৭–২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনায় কানাডা একদিকে বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণ করতে চায়, অন্যদিকে দেশের অর্থনীতিতে ইতিমধ্যে অবদান রাখা অস্থায়ী বাসিন্দাদের স্থায়ী হওয়ার সুযোগ বাড়াতে চায়। তবে বিশেষ ২ লাখ ব্যক্তিকে স্থায়ী করার উদ্যোগের বিস্তারিত যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি সম্পর্কে পরবর্তী সময়ে আরও নির্দেশনা প্রকাশ করা হবে।

Read full story at source