সংসদ অধিবেশন শুরু, সভাপতিমণ্ডলী মনোনয়ন

· Prothom Alo

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

Visit een-wit.pl for more information.

বৈঠকের শুরুতে স্পিকারের স্বাগত বক্তব্যের পর চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হলেন মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলী মনোনয়নের পর সাবেক চার সংসদ সদস্য ও একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।

সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

এ ছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্যও শোক প্রকাশ করা হয়।

গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এবারের অধিবেশনের কার্যাদি নিষ্পন্ন করার জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হবে। ১৮ নভেম্বর চতুর্থ অধিবেশন শেষ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস–সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগপর্যন্ত ৩টি অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১–এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবে (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

Read full story at source