শো মাস্ট গো অন
· Prothom Alo

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
Visit biznow.biz for more information.
‘মর্নিং শোজ দ্য ডে’—কথাটা যে সব সময় সত্য নয়, সেদিন তা আমার জীবনে প্রমাণিত হলো। কেননা সেদিন সকালটাও অন্য আর দশটা সকালের মতোই ছিল। কিন্তু সুন্দর সকালের আড়ালে যে মহাবিপদ অপেক্ষা করছিল, তা কে জানত? নাশতা করে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ মেহরীন খুব অস্থির হয়ে উঠল। কিছুক্ষণ পরপর আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠছে। আগের দিন জ্বর ছিল, নাপা সিরাপ খাওয়ানোর পর জ্বর চলে গেছে। কিন্তু সকালবেলা হঠাৎ করে এমন অবস্থা দেখে খুব ঘাবড়ে গেলাম। দ্রুত ওকে নিয়ে রওনা হয়ে গেলাম হাসপাতালের উদ্দেশে। একটা সিএনজি অটোরিকশা ঠিক করে ছুটলাম মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালের দিকে।
বাই দ্য ওয়ে মেহরীন আমার একমাত্র সন্তান। ওর বয়স তখন ৬ মাস। করোনাকালের শেষ দিকে ওর জন্ম। কিন্তু জন্মের পর থেকে বিপদ ওর পিছে লেগে আছে। জন্মের তিন দিনের মাথায় মেহরীনের ব্লাড সুগার ফল করে হাইপোগ্লাইসেমিক শক শুরু হলো। এনআইসিইউর খোঁজে দুই হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে গিয়ে পাওয়া গেল। পাঁচ দিন এনআইসিইউতে ছিল। আর সেই শকের আফটার ইফেক্ট এখনো বয়ে বেড়াতে হচ্ছে। মেহরীনের ডেভেলপমেন্ট ডিলে হয়ে গেল। গত মাসে ওর বয়স ৬ বছর হলো কিন্তু এখনো স্পিচ আসেনি। স্পেশাল স্কুলিং চলছে। এর পাশাপাশি বাসায় আলাদা করে প্রাইভেট থেরাপিস্ট এসে নিয়মিত সেশন দিচ্ছেন।
সিএনজি যেন এগোতে চায় না। জায়গায় জায়গায় জ্যাম। একটু এগোয় তো আবার বসে থাকে। এদিকে মেহরীন সমানে চিৎকার করছে। আমার গলা ধরে আসছে, চোখ টলটল করছে। হাসপাতাল পর্যন্ত রাস্তাটা মনে হচ্ছিল অসীম। দুনিয়ার জ্যাম ঠেলে একসময় পৌঁছালাম হাসপাতালে। ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। ডাক্তার সব শুনে ও দেখে বুকের এক্স-রে আর কিছু ব্লাড টেস্ট লিখে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে দিলেন। মেহরীনকে নিয়ে আমরা কেবিনে চলে গেলাম। বিকেল নাগাদ টেস্টের রিপোর্ট হাতে এলে জানা গেল যে মেহরীনের নিউমোনিয়া হয়েছে।
দুই দিন পর বেলা ১১টা থেকে দুপুর ১২টার দিকে চারদিক অন্ধকার করে ঘন কালো মেঘে সব ঢেকে গেল। কেবিনের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝোড়ো বাতাস আর তার সঙ্গে উড়তে থাকল রাজ্যের ধুলা। কেবিনের ভেতরে চলে এলাম। এর মধ্যে শুরু হলো বজ্রপাত আর তার কিছুক্ষণ পরই বৃষ্টি। বাতাসের বেগ যেন একটু একটু করে বাড়তে থাকল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল বজ্রপাত।
এরই মধ্যে অফিস থেকে ফোন পেলাম—ব্যুরোর (ঢাকার বাইরের) ছবি নিউজ র্যাপে ঢুকছে না। সিলেট ও পঞ্চগড় থেকে দুজন প্রতিনিধি ফোন করে জানিয়েছেন যে তাঁরা ছবি পাঠিয়েছেন কিন্তু নিউজ র্যাপে দেখাচ্ছে না। অ্যাপ্লিকেশন সার্ভারের ফটো পার্সিং সার্ভিস রিস্টার্ট দেওয়ার পরামর্শ দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করে আমাকে জানাতে বললাম।
দুপুরের পর ফোন দিলেন বিশাল বাংলার তখনকার প্রধান তুহিন সাইফুল্লাহ ভাই। জানতে চাইলেন ছবি ঢুকছে না কেন? ঠিক করতে কতক্ষণ লাগবে?
একটু সময় দিন, দেখছি; বলে ফোন রাখলাম। কিন্তু আমার তখন টেনশন বেড়ে গেল। প্রথমত, আমি অফিসে নেই, হাসপাতালে। দ্বিতীয়ত, আমার সঙ্গে ল্যাপটপ নেই। এর মধ্যে আবার ঝড়-বৃষ্টি।
ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা বের করতে হলে আমাকে সার্ভারে লগইন করে দেখতে হবে। আর সমস্যার কারণ বের করতে পারলে তখন বোঝা যাবে ঠিক করতে কতক্ষণ লাগতে পারে। ফলে মহাবিপদে পড়ে গেলাম।
অফিসে ফোন করে বললাম মডেমসহ একটা ল্যাপটপ পাঠিয়ে দিতে। কিছুক্ষণের মধ্যে অফিস সহকারী বাবুল ঝড়-বৃষ্টির মধ্যেই ল্যাপটপ নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিল। ঘণ্টাখানেক পরে বাবুল হাসপাতালে পৌঁছাল কাকভেজা হয়ে। তবে সৌভাগ্যবশত ল্যাপটপটি একদম অক্ষত ও শুকনো ছিল। বাবুলকে ধন্যবাদ দিয়ে বিদায় করে আমি কাজে বসলাম।
এর মধ্যে আরেক বিপদ হলো। মেহরীন স্যালাইনের লাইন টানাটানি করে ক্যানুলা নষ্ট করে ফেলেছে। আবার ক্যানুলা করতে হবে, অন্য হাতে। মেহরীনের মা মেহরীনকে নিয়ে নার্স স্টেশনে গেছে ক্যানুলা করাতে।
ভিপিএন কানেক্ট করে সার্ভারে লগইন করলাম। প্রথমে চেক করলাম অ্যাপ্লিকেশন সার্ভার। ব্যাকএন্ড অনেকগুলো সার্ভিস চলে। একে একে সব কটি চেক করলাম। কোনো সমস্যা নেই। তারপরও সার্ভিসগুলো একটা একটা করে রিস্টার্ট দিলাম। কিন্তু কোনো লাভ হলো না। তারপর চেক করলাম ডেটাবেজ সার্ভার। এখানেও কোনো সমস্যা পেলাম না, সব ঠিক আছে। এরপর ঢুকলাম ওয়েব সার্ভারে। এখানেও সব সার্ভিস ঠিকঠাক। তাহলে সমস্যাটা হলো কোথায়? চিন্তায় পড়ে গেলাম। এদিকে মেহরীনের চিৎকার কানে আসছে। একেকটা চিৎকার যেন বুকে এসে বিঁধছে। আমার চোখ ছলছল। নিজেকে সামলে নিয়ে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিলাম।
অবশেষে সমস্যা খুঁজে পেলাম। সিস্টেম ড্রাইভ ফুল হয়ে গেছে। ডিস্ক ক্লিনআপ চালালাম। কিন্তু কোনো লাভ হলো না। চেক করলাম কিসে এত স্পেস খাচ্ছে। দেখা গেল লগ ফাইল সব জায়গা খেয়ে ফেলছে। লগ ক্লিন করতে হবে। দ্রুত একটা স্ক্রিপ্ট লিখে ফেললাম। কমান্ড প্রম্পট-এ স্ক্রিপ্ট রান করে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানেক পর রান কমপ্লিট হলো। এবার চেক করে দেখলাম প্রায় ৫ গিগা স্পেস রিকভার হয়েছে। আমার হৃৎস্পন্দন এবার বেড়ে গেল। সিস্টেম ঠিক হয়েছে কি না, তা পরীক্ষা করতে অ্যাপ্লিকেশনে লগইন করে একটা টেস্ট ইমেজ আপলোড দিয়ে নিউজ র্যাপে চেক করতে লাগলাম এসেছে কি না। না আসেনি। বারবার রিফ্রেশ করছি। ১০ সেকেন্ডের দমবন্ধ করা অপেক্ষার পর স্ক্রিনে টেস্ট ছবিটি ভেসে উঠল। হ্যাঁ, যেটা আপলোড করেছি, সেটা দেখাচ্ছে। আমার চোখের কোণ থেকে একফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু কষ্টের নয়, আনন্দের। অফিসে ফোন করে বলে দিলাম, সমস্যা সমাধান হয়ে গেছে। সবাই যেন ছবি পাঠাতে শুরু করে।
কিছুক্ষণ পর চেক করে দেখলাম সারা দেশ থেকে ছবি আসতে শুরু করেছে। দেখতে দেখতে কয়েক শ ছবি জমা হলো। আমি লগআউট করে ল্যাপটপ বন্ধ করলাম।
এর মধ্যে মেহরীনের ক্যানুলা করা শেষ হয়েছে। ওকে কেবিনে নিয়ে এসেছে। আমি ল্যাপটপ রেখে মেহরীনকে কোলে নিলাম। মেহরীন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ওর চোখেও পানি, আমার চোখেও পানি। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি থেমে গেছে। মেঘের আড়াল থেকে সূর্যের কিরণ যেন মুচকি হাসছে। ১১ তলার ব্যালকনি থেকে বিকেলের বৃষ্টিধোয়া ঢাকা শহরকে স্নিগ্ধ ও সুন্দর দেখাচ্ছে। ধুলাবালু ধুয়ে যাওয়ার কারণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। রাস্তায় গাড়ি আর মানুষের কোলাহল আবার বাড়তে শুরু করেছে।
অফিসে এখন পুরোদমে কাজ শুরু হয়ে গেছে। দম ফেলার সময় নেই। এভাবেই কাজ হয় প্রতিদিন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত জীবনের ঝড়—সব বাধা অতিক্রম করে পত্রিকা সময়মতো বের হতেই হবে। আর আমরা যাঁরা আইটি বিভাগে কর্মরত তাঁদের মূল দায়িত্বই হলো যেকোনো পরিস্থিতিতে সিস্টেম ও সার্ভিস যেন নির্বিঘ্নে চালু থাকে, তা নিশ্চিত করা। নো ম্যাটার হোয়াট সিস্টেম নিড টু বি আপ অ্যান্ড রানিং অ্যান্ড শো মাস্ট গো অন।
* মামুনুর রহমান খান: তথ্যপ্রযুক্তি বিভাগ, প্রথম আলো