প্রতিটি উপজেলায় ২৪ জন ক্রীড়া শিক্ষক ও একজন করে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ
· Prothom Alo

দেশের প্রতিটি উপজেলায় ৮টি ক্রীড়া ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক এবং একজন করে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
Visit umafrika.club for more information.
প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে মোট ২৪ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ হিসাবে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
দেশে বেকার প্রায় ২৬ লাখ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের সংখ্যা নিরূপণে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ পরিচালনা করা হয়নি।
তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ বলে জানান তিনি।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা
সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর মাঠ উন্নয়নের কাজ শুরু হবে।
প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদন গোয়েন্দা সংস্থায়
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ে ১৪০ পদ শূন্য
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে অনুমোদিত ১০১টি পদের মধ্যে ৪১টি শূন্য রয়েছে। আর আপন বিভাগে অনুমোদিত ২৩৮টি পদের মধ্যে শূন্য পদের সংখ্যা ৯৯টি।
দুই বিভাগে মোট ৩৩৯টি অনুমোদিত পদের মধ্যে ১৪০টি পদ শূন্য রয়েছে।