বিশ্বে প্রতি সেকেন্ডে কত ওয়েবসাইট তৈরি হয়
· Prothom Alo

ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জগতে ওয়েবসাইটের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গত সেপ্টেম্বরের হিসাবে বিশ্বজুড়ে মোট ওয়েবসাইটের সংখ্যা ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪। তবে এই বিশাল সংখ্যার ওয়েবসাইটের সিংহভাগই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
সাইটফির সাম্প্রতিক তথ্য অনুসারে, প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ ২১ হাজার ৪০৯টি নতুন ওয়েবসাইট যোগ হচ্ছে। এর মানে হলো, প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৩৯২টি, প্রতি মিনিটে ২২৩টি ও প্রতি সেকেন্ডে চারটি করে নতুন ওয়েবসাইট ইন্টারনেটে যুক্ত হচ্ছে। তবে ওয়েবসাইটের মোট বৃদ্ধির এই গতি বিগত সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ কমেছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটি (৬ বিলিয়ন) মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলেন, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ। ২০২৪ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৮০ কোটি।
Visit somethingsdifferent.biz for more information.
বিশ্বের মোট ওয়েবসাইটের মধ্যে মাত্র ১৫ শতাংশ সক্রিয় বা সচল রয়েছে। গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩। বাকি ৮৫ শতাংশ বা ১২৫ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৫৪৮টি ওয়েবসাইট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এর মধ্যে বেশির ভাগই পার্কড ডোমেইন বা অনুরূপ কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ বর্তমানে প্রতিটি সক্রিয় ওয়েবসাইটের বিপরীতে প্রায় ৫ দশমিক ৮টি নিষ্ক্রিয় ওয়েবসাইট রয়েছে।
ওয়েবসাইট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান ধরে রেখেছে। ২০২৬ সালের নভেম্বরের ডেটা অনুযায়ী সার্ভার লোকেশনের ওপর ভিত্তি করে ৩৩ দশমিক ২ শতাংশ ওয়েবসাইট যুক্তরাষ্ট্রে হোস্ট করা হয়েছে। এরপর ১৬ দশমিক ১ শতাংশ ওয়েবসাইট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
তথ্য অনুযায়ী ইন্টারনেটে প্রথম ১০০ কোটি ওয়েবসাইটের মাইলফলক স্পর্শ হয়েছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। এরপর দেড় বছর এই সংখ্যা ১০০ কোটির নিচে নেমে এলেও ২০১৬ সালের মার্চে তা আবার ১০০ কোটি অতিক্রম করে। জানুয়ারি ২০২৬–এর হিসাব অনুযায়ী মোট ওয়েবসাইট ছিল ১৩৭ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৩৯০টি, যার মধ্যে সক্রিয় ছিল ২০ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৫৭৩টি (১৫ দশমিক শূন্য ৭ শতাংশ)।
ওয়েবসাইটের ভাষার ক্ষেত্রে ইংরেজি এখনো শীর্ষে রয়েছে। এ মাসের তথ্য অনুযায়ী বিশ্বের ৪৯ দশমিক ৫ শতাংশ ওয়েবসাইট ইংরেজিতে প্রকাশিত। এ ছাড়া স্প্যানিশ ভাষায় ৬ শতাংশ, জার্মান ভাষায় ৫ দশমিক ৯ শতাংশ, জাপানি ভাষায় ৪ দশমিক ৯ শতাংশ ও ফরাসি ভাষায় ৪ দশমিক ৬ শতাংশ ওয়েবসাইট রয়েছে। বিশ্বে সাত হাজারের বেশি ভাষা থাকলেও ২০০টির কম ভাষার ডিজিটাল উপস্থিতি ইন্টারনেটে রয়েছে। ৯ নভেম্বরের হিসাব অনুযায়ী বিশ্বের ৩৯ দশমিক ৪ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সূত্র: সাইটফি