শাড়ি বিতর্কের মধ্যেই বধূ সাজে ধরা দিলেন তানজিন তিশা
· Prothom Alo

শাড়ি বিতর্ক আর আইনি জটিলতার মধ্যেই নতুন সাজে ধরা দিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বধূবেশের নতুন ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনেও দিয়েছেন নিজের অবস্থানে অবিচল থাকার বার্তা।
Visit chickenroad.qpon for more information.
ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি তাঁর সাজপোশাক নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। কখনো পশ্চিমা পোশাকে, কখনো দেশীয় ঐতিহ্যবাহী সাজে—বিভিন্ন সময়েই নিজের স্টাইল দিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি বধূসাজে ধরা দিয়েছেন তিনি। টকটকে লাল শাড়ি, জমকালো গয়নার সাজে তিশার নতুন এই লুক নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।
সামনে বিয়ের মৌসুম। তাই বিয়ের দিনের সাজ নিয়ে যাঁরা ভাবছেন, তাঁদের জন্যও হতে পারে এই লুক অনুপ্রেরণা।
তানজিন তিশার পরনে মসলিন হাউসের লাল শাড়ি। শাড়ির জমিনজুড়ে সোনালি সুতা, জরি, সিকুইন ও পাথরের কারুকাজ। আঁচল জুড়ে ফুটে উঠেছে ফুল ও লতাপাতার নকশা। শাড়ির পাড়েও রয়েছে ভারী সোনালি কাজ। এর সঙ্গে একই রঙের ফুলহাতা ব্লাউজ বেছে নিয়েছেন তিনি।
ব্লাউজের জমিনে জ্যামিতিক নকশার জমকালো কারুকাজ। গলা ও হাতার নকশাতেও রয়েছে শাড়ির কাজের সঙ্গে সামঞ্জস্য।
বিয়ের সাজকে পূর্ণতা দিয়েছে তাঁর ভারী সোনালি গয়না। গলায় সোনালি বেসের ওপর সাদা পাথর ও মেরুন পুঁতি বসানো চোকার নেকলেস। এর সঙ্গে মিলিয়ে পরেছেন ঝুমকা। কপালে টিকলি, আর মাথার বাঁ পাশে জড়ানো সোনালি ঝাপটা গয়না সাজে যোগ করেছে আভিজাত্য।
খোঁপা করা চুলের বাঁ পাশে লম্বা সাদা বেলি ফুলের মালা জড়িয়ে নিয়েছেন সুন্দরী । হাতে লাল চুড়ির সঙ্গে সোনালি ও পাথর বসানো ভারী বালা। আঙুলে বড় আংটি। সব মিলিয়ে ঐতিহ্যবাহী বধূ সাজে তিশাকে বেশ মানিয়েছে।
মেকআপেও উৎসবের ছোঁয়া। রুশ স্টুডিও বাই এশা থেকে মেকআপ করেছেন তিশা। চোখের স্মোকি লুকে ফুটে উঠেছে সোনালি- বাদামি রঙের শিমারি আইশ্যাডো। গাল ও নাকে হালকা ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া।
ঠোঁটে গোলাপি-ন্যুড লিপকালার আর কপালে ছোট্ট লাল টিপ—সব মিলিয়ে জমকালো সাজের মধ্যেও স্নিগ্ধতা বজায় রেখেছেন অভিনেত্রী। তবে তানজিন তিশার নতুন এই লুকের পাশাপাশি আলোচনায় এসেছে তাঁর সাম্প্রতিক সময়ের নানা ঘটনা। সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা আলোচনা-সমালোচনার মধ্যে নতুন সাজে হাজির হয়েছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে তানজিন তিশা লিখেছেন, ‘কোনো রাখঢাক নেই, অবিচল, ভীত নই, ভেঙে পড়িনি, অটুট, অপ্রতিরোধ্য।’ ক্যাপশনে নিজের অবস্থানে দৃঢ় থাকার বার্তাই যেন দিয়েছেন অভিনেত্রী।
নানা আলোচনা-সমালোচনার মধ্যেও নিজের আত্মবিশ্বাসী উপস্থিতি তুলে ধরেছেন ছবিগুলোতে। আর লাল শাড়ি, ভারী গয়না ও ঐতিহ্যবাহী বধূ সাজে তানজিন তিশার এই নতুন লুক হয়ে উঠেছে আলোচনার আরেকটি বিষয়।
ছবি: ইন্সটাগ্রাম