মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না

· Prothom Alo

বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশের অনুমতি পেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেল লং। সম্প্রতি এক্স হ্যান্ডলে তাঁর এক্স ও ভিডিও ভাষ্যকে কেন্দ্র করে বিতর্ক ঘনিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্রসহ ভারতের নাগরিক সমাজের একাংশ।

নরওয়ের দৈনিক সংবাদপত্র ‘দাগসাভিসেন’-এর সাংবাদিক হেল লং অভিযোগ করেছেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে ভারতে আসতে দেওয়া হয়নি। গত বুধবার, ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, হায়দরাবাদে অনুষ্ঠেয় ‘ভারত সামিট’ নামের এক আলোচনা চক্রে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে বক্তা হিসেবে যোগ দেওয়ার জন্য তাঁর ভারতে আসার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।

Visit biznow.biz for more information.

একটি ভিডিও বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে আবেদন জানিয়ে হেল লং বলেন, তাঁর অধিবেশনের এখনো ৪৮ ঘণ্টা বাকি রয়েছে এবং তাঁকে ভারতে আসার অনুমতি দেওয়া হোক।

হেল লংয়ের দাবি, ২০২৬ সালের মে মাসে নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার জেরেই তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওই সাংবাদিক মোদিকে প্রশ্ন করেছিলেন যদিও সেই প্রশ্নের উত্তর না দিয়ে ভারতের প্রধানমন্ত্রী হেঁটে বেরিয়ে যান। এ ঘটনা নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছিল ভারতীয় এবং আন্তর্জাতিক প্রচারমাধ্যমে।

১৪ নভেম্বর ‘ভারত সামিট’র দ্বিতীয় দিনে হেলের বক্তব্য দেওয়ার কথা ছিল। ওই দিনের অনুষ্ঠানে প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি সঙ্গীতা বড়ুয়া পিশারোতিসহ অন্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে এবং সামগ্রিক সঞ্চালনার দায়িত্ব রয়েছে কংগ্রেসের সংসদ সদস্য পবন খেরার ওপর।

ভিডিও বার্তায় লং ব্যাখ্যা করেছেন যে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস তাঁকে ভারতে আসার ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছিল, কিন্তু রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফর বাতিল করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ‘এডিটরস গিল্ড অব ইন্ডিয়া’ গভীর উদ্বেগ প্রকাশ করে ভিসা বাতিলের কারণ জানানোর ও সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

নরওয়ের সাংবাদিকের এই এক্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যে একজন সংসদ সদস্য হিসেবে তিনি লজ্জিত যে সরকার ভিসা দিয়েও তাঁকে ভ্রমণে বাধা দিচ্ছে। নরওয়ে প্রশাসন যদি ভারতীয়দের সঙ্গে এমন আচরণ করত, তবে কেমন হতো সে কথা ভাবা দরকার বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে এম সি সাহু নামের অপর এক ব্যবহারকারী বর্তমান বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে মন্তব্য করেছেন যে দেশে ভুয়া গণতন্ত্র চলছে এবং সাধারণ মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। তবে শিগগিরই এই পরিস্থিতির পরিবর্তন হয়ে সুস্থ পরিবেশ ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Read full story at source