আর্জেন্টিনায় ৩০ বছর পর হারকে কেন পাত্তা দিচ্ছেন না স্কালোনি

· Prothom Alo

একটা হার, তা–ও প্রীতি ম্যাচে। কিন্তু আর্জেন্টিনার এই হারেও গোপনে ভ্রু কুঁচকে যেতে পারে!

Visit mchezo.life for more information.

সেটার কারণ আবার লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসর। কিংবদন্তি সরে দাঁড়ানোর পর আজই প্রথম ম্যাচ ছিল আর্জেন্টিনার। বুয়েনস এইরেসে সেই প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে লিওনেল স্কালোনির দল হেরেছে ২–১ গোলে। প্রশ্নটা তাই উঠতেই পারে, মেসি–পরবর্তী সময়ের শুরুতেই যদি এই হাল হয়, তাহলে সামনে কী অপেক্ষা করছে!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনিকে সরাসরি এই প্রশ্ন করা হয়নি। কিন্তু সেটা অনেকের মনেই উঁকিঝুঁকি দিচ্ছে বুঝতে পেরেই হয়তো আর্জেন্টিনা কোচ এক শব্দে বলেছেন ‘ধৈর্য’। সবার কাছে এই দাবির কারণও ব্যাখ্যা করেছেন স্কালোনি।

সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা দল পুনর্গঠনের ভেতর দিয়ে যাচ্ছে। এর মধ্যে আবার মেসির অবসর এবং সিনিয়র কিছু খেলোয়াড়ের বদলে তরুণদের পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে শুরু করেছেন স্কালোনি। গত অক্টোবরে সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিন ম্যাচেই ধারাটা কমবেশি দেখা গিয়েছে। আজও তা–ই হলো।

রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো–নিকোলাস তালিয়াফিকোদের অনুপস্থিতিতে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা। আক্রমণে নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা। বদলি হয়ে নামেন রোমান ভেগা, মাতিয়াস সুলে ও অগাস্টিন গিয়াইদের মতো তরুণেরা। আর্জেন্টিনা দলে মেসিকে ছাড়া একসঙ্গে খেলার অভিজ্ঞতা তাঁদের প্রায় সবার জন্যই নতুন।

নতুন চুক্তির পর প্রথম ম্যাচেই হারলেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করা স্কালোনি তাই একটু সময় চাইলেন, ‘ধৈর্য ধরতে হবে। কারণ, ছেলেরা তরুণ, দলের জন্য সর্বস্ব নিংড়ে দেবে। দলকে তারা কাঁধে বয়ে বেড়াবে, এটা (এখনই) আমরা প্রত্যাশা করতে পারি না। কাজটা কঠিন ছিল, বিশেষ করে দারুণ এক দলের বিপক্ষে।’

সেই দলটা উরুগুয়ে, যাঁদের কাছে লা বোমবেনারো স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচেও হেরেছে আর্জেন্টিনা। এবারের হারটি টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার পর। ২০১৯ সালে ২২ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সর্বশেষ হারের সময় নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের জাতীয় দলে অভিষেক হয়নি। আর ঘরের মাঠে আর্জেন্টিনা প্রীতি ম্যাচে হারল প্রায় ৩০ বছর (২৯ বছর ১০ মাস ১৬ দিন) পর। সর্বশেষ হার ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর সাবেক যুগোশ্লোভিয়ার বিপক্ষে মার দেল লা প্লাতায়।

প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার

ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সমর্থকেরা প্রায় ভুলে যাওয়া হারের তেতো স্বাদ পেলেও স্কালোনি এই ম্যাচের ফলকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। কারণ, সময়টা এখন দল পুনর্গঠনের, খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে নতুন একটি কাঠামো দাঁড় করানোর। স্কালোনি তাই বললেন, ‘ফল ছাপিয়ে এই ম্যাচে বিশ্লেষণের ভালো কিছু বিষয় আছে। কিছু বিষয় ঠিক করতে হবে। জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হবে। আমাদের ঠিক এটাই করে যেতে হবে, ক্রমাগত উন্নতি।’

নতুন করে দলটা গুছিয়ে নিতে পারবেন তো স্কালোনি

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় এবারের বিরতিতে দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের একাদশেও পরীক্ষা–নিরীক্ষা চালানোর বিষয়টি আগেই জানিয়ে রাখলেন স্কালোনি, ‘আমরা কিছু পরিবর্তন করব এবং বাকিরা আবার মাঠে নামবে। আমার মনে হয় এটা ন্যায্য। কয়েকজকে পছন্দ হয়েছে, তারা আবারও খেলবে।’

সব মিলিয়ে উরুগুয়ের হারের এই ম্যাচেও শিষ্যদের খেলা ভালো হয়েছে বলে মনে করেন স্কালোনি। তবে উন্নতির তাগিদ দিয়ে রাখলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। সেটা করতে আমরা বাধ্য। কারণ, আমরা আর্জেন্টিনা জাতীয় দল, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে হয়।’ শেষে স্কালোনির অনুরোধ, ‘উন্নতির পথটা হলো ম্যাচ খেলা। তরুণদের সেই সুযোগটা দিন।’

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার চ্যালেঞ্জ নিতে কেন রাজি হলেন স্কালোনি

Read full story at source